২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৩৯ ইউপিতে ভোটের লড়াই চলছে

নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৬৩৯টি ইউপিতে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 08:35 AM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পুরনো খবর:

৬৩৯ ইউপিতে ভোটের অপেক্ষা, ‘চরম ব্যবস্থার’ নির্দেশ ইসির

প্রথম ধাপের ভোটে সহিংসতা-অনিয়মের ঘটনায় সতর্ক ইসি এবার প্রয়োজনে ‘চরম ব্যবস্থার’ নির্দেশ দিয়ে রেখেছে।

নির্বাচনী কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই কেন্দ্রে কেন্দ্রে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় রয়েছে সাধারণ ছুটি।

ঢাকার কেরানীগঞ্জে কালিন্দি ইউনিয়নের পতকাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, তার কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট নেওয়া হচ্ছে মোট আটটি বুথে।

কেন্দ্রের বাইরে প্রতিটি লাইনেই ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে দিনের শুরুতে। তবে নারী ভোটারের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।

ভুট্টু নামের এক ভোটার জানালেন, তার দোকান খুলতে হবে। তাই সকালেই ভোট দিতে এসেছেন।

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবার চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। নির্বাচনে মোট ১৭টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষে।

ভোট নিয়ে এ দু’দলের অবস্থানও বিপরীত। আওয়ামী লীগের দাবি, নির্বাচন সুষ্ঠু হচ্ছে; অন্যদিকে বিএনপি বলছে, ভোটের নামে প্রহসন হচ্ছে।

দ্বিতীয় ধাপের ভোট তথ্য

# ভোট হচ্ছে ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে। ভোটকেন্দ্র ৬ হাজার ২০৫টি ও কক্ষ ৩২ হাজার ২১টি।

# মোট চেয়ারম্যান প্রার্থী দুই হাজার ৬৬২ জন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৪৯৩ জন ও স্বতন্ত্র এক হাজার ১৬৯ জন।

# সাধারণ সদস্য পদে ২১ হাজার ২৫৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন লড়ছেন।

# ভোটার ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ৫৬ লাখ ৩০ হাজার ২৩২ জন ও নারী ৫৫ লাখ ৮৪ হাজার ৭০৭জন।

# নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই লাখের মতো সদস্য নিয়োজিত রয়েছেন ভোটের নিরাপত্তায়।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতাসীন দলের কেউ ‘বাড়াবাড়ি’ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

“সতর্ক করতে চাই- সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে, নির্বাচন কমিশন কঠোর থাকবে। আমরা তাদের সহযোগিতা করব,” বলেন তিনি।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আগ্রহের সঙ্গে এই নির্বাচনে অংশ নিচ্ছে, একইসঙ্গে সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে ত্রাস সৃষ্টি করে ফলাফল ছিনিয়ে নিচ্ছে, তাতে সরকার যে তথাকথিত মুখোশ পরে আছে, তা উন্মোচিত হচ্ছে।”

প্রথম ধাপের ভোটের ফল

>> দেশের সোয়া চার হাজার নির্বাচন উপযোগী ইউপির মধ্যে ২২ মার্চ ৭১২ ইউপিতে প্রথম ধাপের ভোট হয়।

>> বাক্সে পড়ে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। এর মধ্যে আওয়ামী লীগ ৫৪ শতাংশ ও বিএনপি ১৭ শতাংশ ভোট পেয়েছে।

>> চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫৪০টি ইউপিতে জিতেছে। এর মধ্যে ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়; ৪৮৬ জন ভোটে নির্বাচিত।

>> বিএনপি জিতেছে ৪৭ ইউপিতে।

>> স্বতন্ত্র প্রার্থীরা ১০৩ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তৃণমূলে দলীয়ভাবে এ নির্বাচনে ব্যাপক গোলযোগ-সহিংসতার শঙ্কা আগেই জানিয়েছিল পর্যবেক্ষক মহল। তফসিল ঘোষণার পর থেকে গত দেড় মাসে ভোটকে কেন্দ্র করে অন্তত দুই ডজন লোকের প্রাণহানি ঘটেছে।

এ অবস্থায় দ্বিতীয় ধাপের ভোটে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে ইসি। সেই সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “প্রথমধাপে কিছু ত্রুটি হয়েছে। এজন্য ব্যবস্থা নিয়েছি। দ্বিতীয় ধাপে এটাই সতর্ক বার্তা-কোনো অনিয়ম হলে কাউকে ছাড় নয়। চরম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। পরের ধাপের নির্বাচনগুলো যাতে আরো সুন্দর হবে-এমন প্রত্যাশা আমাদের।”

তিনি বলেন, ভোটের মধ্যে যে কোনো আইনসঙ্গত ব্যবস্থা নিলে আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করা হবে। ভোট সুষ্ঠু করার জন্য আইনে যা রয়েছে যেন সবটুকুই তারা ব্যবহার করেন।

কোন দলের কত প্রার্থী

# ৬৩৯ ইউপির প্রত্যেকটিতে আওয়ামী লীগের প্রার্থী আছে; বিএনপির আছে ৫৬০টিতে।

# আওয়ামী লীগের ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৭৯ ইউপিতে প্রার্থী নেই বিএনপির।

# চেয়ারম্যান পদে জাতীয় পার্টির ১৪৯ জন, জাসদের ২৪ জন, বিকল্পধারার একজন, ইসলামী আন্দোলনের ৯৪ জন, জাতীয় পার্টি-জেপির তিনজন, ন্যাশনাল পিপলস পার্টির দুইজন, ইসলামী ফ্রন্টের দুইজন, কমিউনিস্ট পার্টির পাঁচজন, জমিয়তে উলামায়ের একজন, খেলাফত মজলিসের একজন, ইসলামী ফ্রন্টের দুইজন, বাসদের একজন, সাম্যবাদী দলের একজন, ন্যাশনাল আওয়ামী পার্টির একজন ও জাকের পার্টির তিনজন লড়ছেন।

ছয় ধাপের ইউপি ভোট

২২ মার্চ প্রথম ধাপের পর ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট হচ্ছে বৃহস্পতিবার।

তৃতীয় পর্বে ২৩ এপ্রিল ভোট হবে ৬৫০ ইউপিতে। চতুর্থ পর্বে ৭ মে ভোট হবে সাত শতাধিক ইউপি। পঞ্চম পর্বে ৭১৪ ইউপির ভোট হবে ২৮ মে। ৪ জুন ষষ্ঠ ও শেষ পর্বে বাকি ইউপিগুলোতে ভোট হবে।

১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ ও ২০১১ সালের ইউপি ভোট হয় নির্দলীয়।

ভোটের আরও খবর

ইসির ‘শাসানিতে’ ‘বেকায়দায়’ সাতক্ষীরার পুলিশ কর্মকর্তারা

দ্বিতীয় ধাপ: সাড়ে ছয়শ ইউপিতে শেষ হল প্রচারণা

পাবনায় নৌকা ডুবে ইউপি নির্বাচনের ব্যালট নষ্ট

ক্ষমতাসীন বলেই বাড়াবাড়ি প্রশ্রয় পাবে না: নাসিম

ভোট এখন ‘প্রজেক্ট’: ফখরুল 

কেমন ভোট হয়েছে, সবাই দেখেছে: সিইসি

ক্ষমতাসীন বলেই বাড়াবাড়ি প্রশ্রয় পাবে না: নাসিম