২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নৌকা ডুবে ইউপি নির্বাচনের ব্যালট নষ্ট

পাবনার ফরিদপুরে নৌকা ডুবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বনওয়ারীনগর ঘাটে বড়াল নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে ফরিদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

উপজেলার পাঁচটি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচন কর্মকর্তা সিরাজুল বলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলচন্দক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মালামাল নিয়ে সংশ্লিষ্টরা বনওয়ারীনগর ঘাট থেকে নৌকায় ওঠেন। নৌকাটি রওনা হওয়ার সময়ই ডুবে যায়।

“এতে বস্তা ভর্তি ব্যালট পেপারসহ নির্বাচনের সব মালামাল পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো নদী থেকে উদ্ধার করা হলেও ব্যালট পেপারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।”

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা নতুন ব্যালট পেপারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী মালামাল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। বিকল্প ব্যবস্থায় ব্যালট পেপার আনা হচ্ছে। ফলে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।

নৌকা ডুবে দুই কেন্দ্রের তিন হাজার ২৫৩ টি ব্যালট পেপার নষ্ট হয়েছে বলেও জানান তিনি।