২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ধাপ: সাড়ে ছয়শ ইউপিতে শেষ হল প্রচারণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার মধ্যরাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৭ জেলার ৬৪৬ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত পদে ভোট চলবে।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউপি ভোটের প্রথম ধাপে গোলযোগ-সংঘর্ষের ঘটনা ঘটলেও দ্বিতীয় ধাপে সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়ে ভোটার ও প্রার্থীদের আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে নির্বাচনের হাওয়া লাগা প্রায় সাড়ে ছয়শ ইউপিতে ভোট অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “প্রথমধাপে বেশ কিছু ব্যবস্থা নিয়েছি- এটা একটা সতর্ক বার্তা। দ্বিতীয় ধাপে কোনো অনিয়ম হলে ছাড় দেব না। আইন-শৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের সতর্ক করে বলতে চাই- দায়সারা কাজ করলে এবং দায়িত্ব এড়ানোর চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রার্থীরা অনিয়মে জড়িত হলে গ্রেপ্তারের পাশাপাশি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ভোটকে কেন্দ্র করে অন্তত ২০ জনের প্রাণহানি ও প্রায় সহস্র লোকের আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে।

প্রথম ধাপে ভোটের দিন অনিয়মের কারণে ৬৫টি কেন্দ্র বন্ধ ও পুলিশ সুপার-ওসিকে তলব করে ইসি। ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশও দেওয়া হয়।

এ অবস্থায় দ্বিতীয় ধাপে আর কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

“অনিয়ম ঠেকাতে পরিস্থিতি দেখে চরম ব্যবস্থা নিতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দরভাবে ভোট করতে সহায়তা করতে হবে। কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করলে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে দ্বিতীয় ধাপের ভোটের আগে মঙ্গলবারও অন্তত ডজনখানেক প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ গিয়েছে নির্বাচন কমিশনে।

প্রচারণায় বাধা, সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা জানিয়ে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন করছেন তারা।

এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউপির প্রার্থী মো. কামরুজ্জামান পলাশ ইসিতে এক অভিযোগ জানান, প্রতিপক্ষের লোকজন তার উপর কয়েক দফায় হামলা করেছে। তার ব্যবহৃত গাড়ি ভাংচুর করা হয়েছে। প্রার্থীর এজেন্টরা যেন ভোটকেন্দ্রে না যায় সেজন্য হুমকি দিচ্ছে । ভোটে কারচুপির আশঙ্কাও করছেন তিনি।

প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন একই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলী আকবর।

আর ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের প্রার্থী সিরাজ মিয়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, যে কোনো অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম ধাপের মতো এ ধাপেও আইন-শৃঙ্খলায় একই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনী এলাকায় মাঠে টহল শুরু করেছে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষাধিক সদস্য রয়েছেন নিরাপত্তর দায়িত্বে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এ ধাপে ৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২ হাজার ৬৮৪ জন। এরমধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫০৭ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ১৭৭ জন।

এর বাইরে ভোলা জেলার লালমোহন উপজেলার তিনটি ইউপির ভোট যোগ হয়েছে এই ধাপে।

পুরনো খবর:

অনিয়ম দেখেও ‘আঙুল চুষলে’ ব্যবস্থা: শাহনেওয়াজ
কেমন ভোট হয়েছে, সবাই দেখেছে: সিইসি
পিরোজপুরে পুলিশের মামলা, আসামি ১৩০০
সাতক্ষীরার এসপি ও ৫ ওসিকে ডেকেছে ইসি
ইউপি ভোট: উৎসবের আমেজেও শঙ্কা, অভয় দিচ্ছে ইসি