ক্ষমতাসীন বলেই বাড়াবাড়ি প্রশ্রয় পাবে না: নাসিম
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতাসীন দলটির কেউ ‘বাড়াবাড়ি’ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছেন, কোনো বাড়াবাড়িকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা তো জানেন, ক্ষমতাশীন দল হলে কিছু লোক বাড়াবাড়ি করে।
“সতর্ক করতে চাই- সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে, নির্বাচন কমিশন কঠোর থাকবে। আমরা তাদের সহযোগিতা করব।”
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত ৭১২ ইউপির ভোট নিয়ে আওয়ামী লীগ সন্তুষ্টি প্রকাশ করলেও বিএনপি বলেছে, নির্বাচনের নামে তামাশা হয়েছে।
সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত স্বাধীনতা উৎসব-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নাসিম বলেন, “আমি নির্বাচন কমিশনকে বলব, আপনারা কঠোর থাকবেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে- সতর্ক থাকবেন।”
গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় আওয়ামী লীগ বার বার নির্বাচন দিয়েছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
“আমরা গণতন্ত্র বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই আমরা বার বার নির্বাচন দিয়েছি। এমনকি আজকে স্থানীয় নির্বাচন হচ্ছে। ইয়েস কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
“কিন্তু আমি বলতে চাই, মন্ত্রী হিসেবে বলতে চাই, ১৪ দলের মুখপাত্র হিসেবে বলতে চাই, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে বলতে চাই- শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন, আমরা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি।”
এজন্য কোথাও জাতীয় পার্টি, কোথাও আওয়ামী লীগ, কোথাও বিএনপি এবং কোথাও ১৪ দল জিততে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী নাসিম বলেন, “দুনিয়ায় এমন কোনো দেশ নাই, যেখানে তার মহানায়ককে অশ্রদ্ধা করা হয়।
“… দুঃখ লাগে যার জন্ম না হলে বাংলাদেশ হতো না সেই জনককে অনেকে ছোট করার চেষ্টা করে শুধু রাজনৈতিক কারণে, রাজনৈতিক ভিন্নতার কারণে। .. যারা বঙ্গবন্ধুকে ছোট করতে চায় তারা নিজেরাই ছোট হয়ে গেছে।”
‘সমৃদ্ধির সোপানে, সম্প্রীতির বন্ধনে-মুক্তির চেতনায় এসো মিলি উৎসবে’ স্লোগান সামনে নিয়ে সার্ক কালচারাল সোসাইটি ‘স্বাধীনতা উৎসব-২০১৬’ এর আয়োজন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সোসাইটির সভাপতি এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিক্রমপুর স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের সদস্য সচিব নকুল কুমার সাহা, কামাল মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান কামাল উদ্দিন ও সার্ক কালচারাল সোসাইটির ভারতের পশ্চিমবঙ্গ শাখার কার্যকরী সভাপতি কবি সুভাষ জানা উপস্থিত ছিলেন।
