ইউপি ভোট সুষ্ঠু করতেই কঠোর পুলিশ: নাসিম
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই পুলিশ কঠোর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “সারাদেশে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে সফল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করেছে।
“নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই পুলিশ কঠোর হয়েছে। আর যেসব স্থানে সহিংসতা হয়েছে সেখানে শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করেছে।”
নবম ইউপি নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭১২টিতে ভোট হয়। এই ভোট নিয়ে সহিংসতায় ১১ জনের প্রাণহানি হয়েছে; যাদের বেশিরভাগ মারা যায় পুলিশের গুলিতে।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘মহান স্বাধীনতার ৪৫ বছর, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন’ শীর্ষক এ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘আকাশ চুম্বি’ স্বপ্ন না দেখার আহ্বানও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
বিএনপি চেয়ারপারসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “বেগম জিয়া আপনি হুমকি দিয়ে মাঠ গরম করতে চান? কোনো লাভ হবে না। আকাশ চুম্বি স্বপ্ন দেখবেন না বেগম জিয়া।
“আপনি বক্তৃতায় বলেছেন, শেখ হাসিনাবিহীন নির্বাচন করবেন। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।”
“যেভাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে এসেছেন সেভাবেই আগামীতে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচনে আসবেন। আর ওই নির্বাচনে কে ক্ষমতায় আসবে, না আসবে সেটা জণগণের ব্যাপার”, যোগ করেন নাসিম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময় সপরিবারে তাকে হত্যার প্রসঙ্গ তুলে তার কন্য আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ১৪ দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোটের মুখপাত্র।
নাসিম বলেন, “আমাদের ভয় একটাই, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
“আর এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সারাবিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের সতর্ক থাকতে হবে। ১৪ দলের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিভিন্ন দেশে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিশ্বের উন্নত দেশসহ প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানে যখন জঙ্গি হামলা হচ্ছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশে জঙ্গি উত্থান বন্ধ হয়ে গেছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জঙ্গি তত্পরতা নেই।”
শেখ হাসিনার দেওয়া রূপকল্প (ভিশন-২০২১) অনুসরণ করে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ দিয়েছেন বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে নেওয়ার লক্ষ্য ঠিক করে ২০০৯ সালে ক্ষমতায় বসে আওয়ামী লীগ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর এখন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে।
গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরে ‘ভিশন-২০৩০’ কর্মপরিকল্পনার খসড়া উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম. এ. করিম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও যুব আন্দোলনের সভাপতি মোজাহিদ আহমেদ।
