২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: পরশুরামের তিন ইউপিতে ভোট বন্ধ

মনোনয়নপত্র জমায় বাধার অভিযোগের মধ্যে ফেনী জেলার পরশুরামে তিন ইউপির ভোট বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানান ইসির উপসচিব সামসুল আলম।

তিনি বলেন, “পরশুরামের সব ইউপির ভোট বন্ধ। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত করা হবে। নতুন তফসিলে ভোট হবে সেখানে।”

এ জেলার ফুলগাজী উপজেলার সব ইউপির ভোট বন্ধের পর পরশুরাম উপজেলার সব ইউপির ভোট বন্ধ হল।

৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।

ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউপি চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগরে মনোনয়নপত্র জমার সময় একদিন বাড়ানো হয়েছিল। এরপরও তিনই ইউপির চেয়ারম্যান পদ, সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি এবং সাধারণ ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গত বৃহস্পতিবার  ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, তিনটি ইউনিয়নে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমিশনের কাছে অভিযোগ রয়েছে, ওই তিন ইউপিতে প্রার্থীদের জমা দিতে বাধা ও ভয়-ভীতি দেখানো হয়েছে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, “ভোট বন্ধ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সেই সঙ্গে কী কারণে এমন হলো- তা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব শাহেদুন্নবী চৌধুরী ও এনআইডি উইংয়ের সহকারী পরিচালক আল মামুনের সমন্বয়ে গঠিত এ তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুরনো খবর:

ইউপি ভোট: এবার পরশুরামের তিন ইউপি নিয়ে সিদ্ধান্ত বুধবার
দ্বিতীয় ধাপেও নৌকা ১৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীহীন
‘উড়ো খবরে’ ব্যবস্থা নেওয়া যায় না: শাহনেওয়াজ
ফুলগাজীর চেয়ারম্যান আলিম বরখাস্ত