ইউপি ভোট: এবার পরশুরামের তিন ইউপি নিয়ে সিদ্ধান্ত বুধবার
বরগুনা ও পাবনার দুই সাংসদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।
মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগের মধ্যে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন ইউপি নিয়ে বুধবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এ জেলার ফুলগাজী উপজেলার সব ইউপির ভোট বন্ধের পর পরশুরাম উপজেলার ইউপির বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
সময় একদিন বাড়িয়েও পরশুরামের তিনটি ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ইসি মঙ্গলবার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছে।
পরশুরামে বাধা দেওয়া ঘটনা তদন্ত করা হবে না কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের ফল স্থগিত করা হবে-সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেন নি ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি ইউপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে একক প্রার্থীরা। সব বিষয় আলোচনা হয়েছে, বুধবার কমিশন এ নিয়ে সিদ্ধান্ত দেবে।”
ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউপি চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগরে মনোনয়নপত্র জমার সময় একদিন বাড়ানো হয়েছিল। সে সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ইউনিয়নে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসির কর্মকর্তারা জানান, ওই তিন ইউপিতে মনোনয়নপত্র জমা দিতে বাধা ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করা হতে পারে।
কমিশনের কাছে অভিযোগ রয়েছে, ফেনীতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্যদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বাধা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ওই ঘটনায় ফুলগাজী উপজেলার ৬টি ইউপিতেই ভোট স্থগিত করেছে কমিশন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকেও বরখাস্ত করা হয়।
প্রথম ধাপে ইউপিতে ৬২ ইউপিতে ও দ্বিতীয় ধাপে ১৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
আচরণবিধি ভঙ্গে দুই সাংসদের বিষয়েও ভাবছে ইসি
ইসি কর্মকর্তারা জানান, বরগুনা-২ আসানের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান (রিমন) ও পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু নির্বাচনী এলাকায় অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ পেয়েছে কমিশন।
ক্ষমতাসীন দলের এ দুই সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশনা দিতে কমিশনের কাছে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
ইসি সচিব বলেন, “দুই সাংসদের বিষয়েও আলোচনা হয়েছে। বুধবার সিদ্ধান্ত হলেই জানাবো।”
গত পৌরসভা নির্বাচনে শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছিল কমিশন। ওই সময়ে তাকে শো’কজ করা হলে দুঃখ প্রকাশ করে রেহাই পান সরকার দলীয় এ সাংসদ।
