‘অনড়’ মাহফুজাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করলেও র্যাবকে দেওয়া বক্তব্যেই নিহত দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন অনড় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মাহফুজাকে আসামি করে তার স্বামীর করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ডিবি বলেছে, এই নারীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখতে বুধবার আরও সাতদিনের হেফাজতের আবেদন আদালতে জানাবে তারা।
গত শুক্রবার জিজ্ঞাসাবাদের প্রথম দিনে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, শ্বাসরোধে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন মাহফুজা।
আটকের পর গত বৃহস্পতিবার র্যাবও একই স্বীকারোক্তি পাওয়ার কথা জানিয়েছিল। তারপর মামলা হলে থানা পুলিশ তদন্ত শুরু করে রিমান্ডে নেয় তাকে। সোমবার মামলার তদন্তের ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুব আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল (বুধবার) তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে আরও সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।”
মাহফুজা এখন রামপুরা থানার হাজতখানায় রয়েছেন। থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহফুজা তার একই ধরনের বক্তব্যে অনড় রয়েছেন।”
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহফুজা তার সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েই তাদের হত্যার কথা বলছেন। তারপরও তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।”
গত ২৯ ফেব্রুয়ারি রামপুরার বনশ্রীর বাসায় ভাই-বোন নুসরাত আমান অরণী (১৪) ও আমান আলভীর (৬) মৃত্যু ময়নাতদন্তে হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়ার পর তাদের মা মাহফুজাকে আটক করে র্যাব।
সন্তান হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী মাহফুজার মানসিক সুস্থতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। তবে র্যাববলছে, তাদের কাছে মানসিকভাবে সুস্থই মনে হয়েছে এই নারীকে।
মাহফুজ তার মায়ের মানসিক অসুস্থতার কথা পুলিশকে জানিয়েছেন। জেনেটিক্যালি মেয়ের মধ্যেও তা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে তদন্ত সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, “মাহফুজার মা মানসিকভাবে কিছুটা অসুস্থ, সুস্থ থাকার জন্য ওষুধও খান। একথা মাহফুজাই বলেছেন। বক্তব্য সত্য হলে মাহফুজা জেনেটিক কোনো সমস্যায় ভুগছেন কি না, তাও তদন্ত করে দেখা হবে।”
মাহফুজা মালেক জেসমিন, গ্রেপ্তারের পর র্যাব সদরদপ্তরে
মাহফুজা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি মাস্টার্স পরীক্ষা শেষ করে একটি কলেজে শিক্ষকতা করতেন। পারিবারিক কারণে তার চাকরি ছেড়ে দিতে হয়েছে। ফলে স্বামী গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসায়ী আমানুল্লাহর একার আয়ে সন্তানদের ‘ভালোভাবে’ পড়াশোনা করানো যাচ্ছিল না।
মাহফুজা ও আমানুল্লাহ সম্পর্কে চাচাত ভাই-বোন। পারিবারিক সম্মতিতে দেড় দশক আগে তাদের বিয়ে হয়েছিল।
মঙ্গলবার সকালে এই দুই শিশু হত্যা মামলার বাদী মাহফুজার স্বামী আমানুল্লাহকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
ওসি রফিকুল বলেন, “আমানুল্লাহ তার এক আত্মীয়ের বাসায় থাকেন। তদন্তের প্রয়োজনের পুলিশ যোগাযোগ করতে চাইলে তিনি সাড়া দেন।”
“মানসিকভাবে আমানুল্লাহ অনেকটাই ভেঙে পড়েছেন। তিনি একটু নিজের মত করে থাকতে চান,” বলেন ওসি।
রামপুরা থানার পরিদর্শক মোস্তাফিজ থেকে মামলাটি তদন্তের দায়িত্ব নিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান আলম।
মামলার প্রায় সব নথিপত্র ডিবিতে পাঠানো হয়েছে জানিয়ে মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন কোনো তথ্য নেই।”
গত ২৯ ফেব্রুয়ারি রামপুরার বনশ্রীর বাসা থেকে অরণী ও আলভীকে নিসাড় অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে খাবারে বিষষ্ক্রিয়া সন্দেহের কথা বলা হয়েছিল।
পরদিন ময়নাতদন্তে চিকিৎসকরা শ্বাসরোধে হত্যার আলামত পান। এরপর র্যাব-পুলিশ ঘটনার তদন্তে নামে।
