২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় সন্তানদের খুন!

ঢাকার রামপুরায় দুই ভাই-বোনকে খুনের ঘটনায় তাদের মায়ের স্বীকারোক্তি পাওয়ার কথা বলার পর সংবাদ সম্মেলন করে র‌্যাবের পক্ষ থেকে বলা হল, সন্তানদের ভবিষ্যত নিয়ে ‘দুশ্চিন্তার এক পর্যায়ে’ নিজের ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে ছেলে-মেয়েকে হত্যা করেছেন ওই নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

দুই শিশুর মৃত্যুর পর পরিবার খাবারে বিষক্রিয়ার কথা বললেও ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ার পর তিন দিন আগের এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব দুই শিশুর বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

ওই তিনজনকে ঢাকার র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিনের স্বীকারোক্তি আসে বলে এ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের ভাষ্য।

বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের মা পরিকল্পিতভাবে সন্তানদের হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”  

অবশ্য মাহফুজার ভাই জাকির হোসেন সরকার র‌্যাবের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার বোন কাউকে হত্যা করতে পারে না। সে তার সন্তানদের অনেক ভালবাসতো।”

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, “র‌্যাব বললেও আমার বোন তো নিজ মুখে সবার সামনে বলেনি যে সে তার সন্তানদের হত্যা করেছে।”

মাহফুজা কেন তার সন্তানদের হত্যা করেছেন- এ প্রশ্নে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত এই জাতীয় হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ বা মানসিক অশান্তির বিষয় থাকে। এ ঘটনাটি কী কারণে হয়েছে তা সংবাদ সম্মেলনে জানানো হবে।”

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে  সকালে সংবাদকর্মীদের পাঠানো এক এসএমএসে বলা হয়, “পারিবারিক জটিলতার জের ধরে ২৯ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৫টার দিকে রামপুরার বনশ্রীর বাসায় দুই শিশুকে হত্যা করেন তাদের মা।”

এরপর দুপুরে উত্তরার র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে আসেন মুফতি মাহমুদ খান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন তার সন্তানদের ‘নিজেই হত্যা করেছেন’ বলে স্বীকার করেন। হত্যাকাণ্ডের বিবরণও তিনি বিস্তারিতভাবে দিয়েছেন।

“ওই নারী মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন। একটি কলেজে দুই বছর শিক্ষকতাও করেছেন। ছেলেমেয়ের লেখাপড়া ও ভবিষ্যত নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। এর এক পর্যায়ে ছেলেমেয়েকে শ্বাসরোধে হত্যা করেন।”

এই র‌্যাব কর্মকর্তা বলছেন, জিজ্ঞাসাবাদের সময় দুই শিশুর মাকে সুস্থ ও স্বাভাবিক দেখেছেন তারা। মাহফুজা ‘মানসিকভাবেও সুস্থ ছিলেন’।

তবে এ ঘটনায় দুই শিশুর বাবা পোশাক ব্যবসায়ী আমানুল্লাহর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ র‌্যাব এখনো পায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

“মোটামুটি সুখী পরিবার, স্বচ্ছল পরিবারই ছিল। বাবা কর্মস্থলে ছিলেন। হত্যাকাণ্ডের পর সরল বিশ্বাসে বিষক্রিয়ার কথা বিশ্বাস করেছেন বাবা ও পরিবার।”

হত্যাকাণ্ডের বিবরণে মুফতি মাহমুদ বলেন, “গত ২৯ ফেব্রুয়ারি মেয়ে অরণী যখন গৃহ শিক্ষকের কাছে পড়ছিল, তার মা ও ভাই তখন শোবার ঘরে ঘুমাচ্ছিল। গৃহ শিক্ষক চলে যাওয়ার পর মাহফুজা তার মেয়েকেও ঘুমাতে ডাকেন।

“অরণী বিছানায় যাওয়ার পর মাহফুজা তার ওড়না দিয়ে পেঁচিয়ে মেয়ের শ্বাসরোধ করেন। এক পর্যায়ে ধস্তাধস্তিতে মেয়ে বিছানা থেকে পড়ে যায়। মেয়ের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর ছেলেকেও একইভাবে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন।”

“প্রথমে সে ঘটনা গোপন করার জন্য স্বামীকে ফোন করে ছেলেমেয়ের অসুস্থতার কথা বলেন। আমানুল্লাহ তখন দুই বন্ধুকে বাসায় পাঠান। বাচ্চাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

মানসিকভাবে সুস্থ একজন মা লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা থেকে কেন নিজের হাতে দুই সন্তানকে হত্যা করতে যাবেন, সে প্রশ্নের সদুত্তর র‌্যাবের সংবাদ সম্মেলনে মেলেনি।  

মুফতি মাহমুদ খান বলেন, এ বিষয়ে একটি মামলা হবে; বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

“আপাতত যেসব তথ্য পেয়েছি, সেটাই আপনাদের জানালাম। প্রথমে আমরাও বিশ্বাস করতে পারিনি। কিন্তু জিজ্ঞাসাবাদে এ বিষয়টিই বেরিয়ে এসেছে।”

Image
নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমান (৬)

নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমান (৬)

দুই শিশুর মধ্যে ১৪ বছর বয়সী নুসরাত আমান অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আর তার ছোটভাই আলভী আমান (৬) পড়তো হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারিতে।

সোমবার রাত ৮টার দিকে রামপুরা বনশ্রীর বাসা থেকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাইনিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার খেয়ে শিশু দুটির মৃত্যুর সন্দেহের কথা পরিবারের পক্ষ থেকে সে সময় বলা হয়। কিন্তু পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে মেলে হত্যাকাণ্ডের আলামত।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন, দুটি বাচ্চার গলায় তারা ‘দাগ’ পেয়েছেন। সেখানে আঙুলের ছাপও ছিল। থুতনিসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুজনেরেই জিহ্বায় কামড় লেগে ছিল।

এরপর বুধবার জামালপুরের গ্রামের বাড়ি থেকে শিশু দুটির বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র‌্যাব।

মুফতি মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের পর মাহফুজা ও পরিবার চাইছিলেন না দুই শিশুর লাশের ময়নাতদন্ত হোক। মাহফুজা আগের দিন তাদের ১৪তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের খাবার পরদিন গরম করে খাওয়ানোর এবং বিষক্রিয়া ‘গল্প দিয়েছেন’। আবার ময়নাতদন্তের আগেই স্বামী-স্ত্রী গ্রামের বাড়িতে চলে গেছেন। হাসপাতাল থেকে লাশ নিয়ে জামালপুরে গেছেন শিশুদের চাচা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনা তদন্তে তারা নিহতের গৃহ শিক্ষক, বাড়ির দারোয়ান ও স্বজনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে এনেছিলেন। তাদের ছেড়ে দেওয়া হবে।

খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর মৌখিক অভিযোগে বনশ্রীর কেন্ট রেস্তোরাঁর তিন কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছে পুলিশ। বুধবার রেস্তোরাঁটি বন্ধ পাওয়া যায়।