চিড়িয়াখানার বাকি জমি দখলমুক্তে ‘দম’ নিতে চান মন্ত্রী
জাতীয় চিড়িয়াখানার কিছু জমি এখনও ভূমি দস্যুদের দখলে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২ ও ৩ মার্চ চিড়িয়াখানায় অভিযান চালিয়ে প্রায় শত কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়। বিশিল মৌজার সিএস ৩০ দাগের অধিগ্রহণকৃত আরও ২ একর জমি ভূমি দস্যুদের দখলে রয়েছে।
ওই জমি কবে দখলমুক্ত হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাকে একটু দম নিতে দেন। প্রায় ৫০ বছর ধরে কেউ চিড়িয়াখানার জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয়নি।
“এই সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে। তাই ওই দুই একর জমিও দখলমুক্ত করা হবে। অচিরেই তা দখলমুক্ত করা হবে।”
মৎস্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে মন্ত্রী ছায়েদুল জানান বলেন, জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকার জন্য বিভিন্ন মৌজা থেকে ২১৮ দশমিক ১১ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ৪ দশমিক ৭০ একর জমি জেলা প্রশাসন ঢাকার দপ্তর থেকে দখল হস্তান্তর করা হয় নাই।
বাকি জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে বন্যা নিয়্ন্ত্রণ বাঁধ নির্মাণে ও জাতীয় মুরগীর খামারকে কিছু জমি দেওয়ার পর চিড়িয়াখানা আসলে পায় ১৮৬ দশমিক ৬৩ একর। কিন্তু সব এলাকায় সীমানা প্রাচীর না থাকায় সরকারি সম্পত্তি, মৎস্য সম্পদ ও প্রাণিকূল অরক্ষিত অবস্থায় ছিল।
তিনি বলেন, সীমানা চিহ্নিত প্রতিবেদনে দেখা যায়, সীমানা প্রাচীর পিলার উপড়ে প্রায় ২০ বছর আগে বিশিল মৌজার অধিগ্রহণকৃত জমির মধ্যে সিএস দাগ নম্বর ১৫ থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ১ দশমিক ৭৫ কাঠার আটটি প্লট বরাদ্দ দেয়। এছাড়া ২২ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ ঘটে।
গৃহায়ণ কর্তৃপক্ষ আটটি প্লট বরাদ্দ সংক্রান্ত প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সেগুলোর ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে বলা হয়।
মন্ত্রী বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুয়ায়ী চিড়িয়াখানার সীমানা প্রাচীর তৈরি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি চিড়িয়াখানা কর্তৃপক্ষ উক্ত কাজ পরিদর্শনে গেলে স্থানীয় ভূমি দস্যু ও সন্ত্রাসী বাবুল তালুকদার, জাহিদ হোসেন ও রইস ওরফে উকিলের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী দা, বটি, ইট, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় চালায়। এতে আট জন কর্মকর্তা ও ২৩ জন কর্মচারী আহত হন।
এ ঘটনায় শাহআলী থানায় মামলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২ ও ৩ মার্চ উচ্ছেদ অভিযান চালিয়ে ওসব বেদখল জমি উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় শত কোটি টাকা।
