২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাস্তায় গোপালগঞ্জের মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ীর রাস্তায় গোপালগঞ্জের এক মুক্তিযোদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

তার নাম নুরুল ইসলাম খান (৭০)। তার কীটনাশক পানের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। 

স্বজনরা জানিয়েছে, নুরুল ইসলাম নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

গোপালগঞ্জ বনগ্রাম দক্ষিণপাড়া থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন নুরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে এলেনবাড়ীর রাস্তা দিয়ে উত্তর দিকে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

“নুরুলের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছিল তিনি কিছু খেয়েছেন।”

তেজগাঁও থানার এসআই আব্দুল আল মামুন শাহ লাশের সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, “মৃত্যুর প্রমাণপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, মৃত্যুর পূর্বে তিনি কীটনাশক সেবন করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায় যে, তিনি পারিবারিক, ব্যক্তিগত ও অন্যান্য পারিপার্শ্বিক কারণে মানসিকভাবে হতাশা ও বিষাদগ্রস্ত হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

“ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে তিনি বিষ জাতীয় কিছু খেয়েছেন কি না,” বলেন ওসি মাযহার।

নুরুলের এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতার পর অনেকদিন সৌদি আরব ছিলেন। এরপর ফিরে গ্রামেই থাকতেন। আওয়ামী লীগের সমর্থক হলেও তিনি কোনো পদে ছিলেন না।

নুরুল ইসলাম দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন; ছোট ছেলে পড়াশোনা করেন। মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই।

“চাচার মধ্যে রাজনৈতিক হতাশা ছিল। দেশকে অনেক সুন্দর করতে চাইতেন। কিন্তু সে অনুযায়ী হিসাব মেলাতে পারতেন না বলে মনের মধ্যে হতাশা পুষে রাখতেন,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বজন।