গণতন্ত্র সম্পর্কে তরুণদের সচেতনতায় ‘সিপিএ রোড শো’ শুরু
তরুণদের মধ্যে সংসদ ও গণতন্ত্র সম্পর্কে সচেতনা গড়ে তুলতে শুরু হলো ‘সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’।
বুধবার সংসদ ভবনে এই রোডশো’র উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন শিরীন শারমিন চৌধুরী।
গণতন্ত্র, সংবিধান ও কমনওয়েলথ বিষয়ে তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে ঢাকায় প্রথম শুরু হওয়া এই কার্যক্রম দেশের অন্যান্য বিভাগেও হবে। এছাড়া একই লক্ষ্যে কমওয়েলভুক্ত অন্যান্য দেশেও এই আয়োজনে সহায়তা করবে সিপিএ।
ঢাকার কয়েকটি স্কুল-কলেজের ১৫০ জন শিক্ষার্থীর সঙ্গে গণতন্ত্র, সংবিধান ও কমনওয়েলথ বিষয়ে আলোচনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।
এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
পরে দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে রোড শো নিয়ে এক সংবাদ সম্মেলনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “বাংলাদেশে এই কার্যক্রম শুরু হলো। বিভাগীয় পর্যায়ে এই রোডশো’র আয়োজন করা হবে।
এছাড়া কোনো সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় এ আয়োজন করতে চাইলে সিপিএ সহায়তা করবে।”
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের জাতীয় ও প্রাদেশিক মিলিয়ে প্রায় ১৮০টি পার্লামেন্ট সিপিএ’র সদস্য। ১৭ হাজার পার্লামেন্টারিয়ান এ কাজের সঙ্গে যুক্ত।
সম্মেলনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাজ্যের স্কুলের শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে- যুব সমাজের মধ্যে শতকরা মাত্র ২৩ জন সঠিকভাবে তিনটি কমনওয়েলথভুক্ত দেশের নাম বলতে পেরেছে।
তাদের মধ্যে শতকরা ৫০ জন বলেছে, স্কুল পর্যায়ে কমনওয়েলথ বিষয়ে তাদেরকে কিছুই শেখানো হয়নি। সিপিএ রোড-শো তরুণদের এসব বিষয়ে ধারণা দেবে।
“সিপিএ এই উদ্যোগটা নিয়েছে এই কারণে যে, গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত বড় অংশ এই তরুণ প্রজন্ম রাজনীতি সম্পর্কে কী ভাবে, তারা রাজনীতিতে আগ্রহী কিনা সেটা জানার জন্য এই কর্মসূচি।”
স্পিকার বলেন, “বাংলাদেশে উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম যাত্রা শুরু করলো। সিপিএ’র অন্যান্য সদস্য পার্লামেন্টগুলোও এ আয়োজন করবে। তবে এ ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্রকে আন্তরিকতা দেখাতে হবে।
“কমনওয়েলথভুক্তদেশের ২ দশমিক ২ বিলিয়ন মানুষের মধ্যে শতকরা ৬০ ভাগের বয়স ৩০ এর নীচে। এই তরুণরাই আগামী দিনে রাজনীতিতে আসবে। তাদের মধ্যে গণতন্ত্র ও পার্লামেন্ট নিয়ে সুষ্ঠু ধারণা গড়ে তুলতে হবে।”
এ কাজে কমনওয়েলথভুক্ত দেশগুলো এগিয়ে আসবে বলে আশা করেন সিপিএ’র এই চেয়ারপারসন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রপরিচালনার বিভিন্ন দিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও উঠে আসে বলে জানান শিরীন শারমিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “পাঠ্যপুস্তকে এগুলো রাখার বিষয়টি উঠে এসেছে। আমরা বলেছি, এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। শিক্ষার্থীদের আমি বলেছি, পাঠ্যপুস্তকে কবে আসবে সেজন্য বসে না থেকে- এসব বিষয়ে জানার জন্য তারা ইন্টারনেটের সাহায্য নিতে পারে।”
স্পিকার বলেন, “আজকে যে আয়োজন করা হলো- সেটা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে। আমরা এটা আরও বিস্তৃত করতে চাই। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে এই ইন্টার্যাকশন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে এটা শুরু হলো। শিগগিরই অন্যান্য দেশে শুরু হবে।”
সম্মেলনে হুইপ শহীদুজ্জামান সরকার, জ্যেষ্ঠ সংসদ সদস্য আলী আশরাফ, সাগুফতা ইয়াসমিন এমিলি এবং রোডশো’তে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী প্রতিনিধিরা এই আয়োজনে তাদের অভিজ্ঞতা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
