তামাক নিয়ন্ত্রণ: ১৬ বছর আগের হাই কোর্টের রায় বহাল
তামাকজাত পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের লাগাম টানতে কৃষকদের ভর্তুকি এবং ব্যবসায়ীদের লাইসেন্স বন্ধ করাসহ কয়েকটি নির্দেশনা দিয়ে হাই কোর্টের ১৬ বছর আগের রায়টি বহাল থাকল।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঙ্গলবার খারিজ করে দেয় প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল খারিজ করে দিয়ে আপিল বিভাগ বলেছেন- হাই কোর্টের দেওয়া ছয় দফা নির্দেশনার সঙ্গে আরও কিছু নির্দেশনা দেবে।”
মামলার বিবরণে জানা যায়, তামাকজাত সামগ্রী বিপণন ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত ১৯৮৮ সালের আইনের বাস্তবায়ন চেয়ে ১৯৯৯ সালে পৃথক রিট করেন ‘আমরা ধূমপান নিবারণ করি’ (আধূনিক) এর সভাপতি জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ও বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের সভাপতি নুর মোহাম্মদ।
প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরই হাই কোর্ট রুল দেয়, যাতে তামাকজাত সামগ্রী বিপণন ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত ১৯৮৮ সালের আইন বাস্তবায়নে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (সাবেক প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার (বর্তমানে আপিল বিভাগে কর্মরত) হাই কোর্ট বেঞ্চ রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে কয়েক দফা নির্দেশনাসহ রায় দেয়।
তামাক চাষ বন্ধের দাবিতে লালমনিরহাটে কৃষকদের মানববন্ধন (ফাইল ছবি)
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক জানান, হাই কোর্টের দেওয়া ওই রায়ের নির্দেশনায় বলা হয়, কৃষকদের ভর্তুকি দিতে হবে, যাতে করে তারা তামাকজাত দ্রব্য উৎপাদন না করে। তামাকজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স বন্ধ করা ও লাইসেন্স নেওয়া নিরুৎসাহিত করতে হবে।
এছাড়া তামাকজাত দ্রব্য আমদানি বন্ধ, তামাকজাত দ্রব্য আমদানিতে উচ্চ কর আরোপ এবং সচেতনতার জন্য সতর্কতামূলক নির্দেশনা গণমাধ্যমে প্রচার ও প্রমোশনাল ভয়েস বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়।
পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না বলেও আদালতের নির্দেশনা আসে।
হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুরের পর ২০০১ সালে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
রাষ্ট্রপক্ষ জানায়, হাই কোর্টের ওই রায়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করতে হবে- এমন যুক্তিতে আপিল করা হয়।
তবে ১৯৮৮ সালের তামাকজাত সামগ্রী বিপণন (নিয়ন্ত্রণ) আইন রহিত করে ২০০৫ সালের ১৫ মার্চ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন করা হয়।
সর্বশেষ আইনের দুই ধারা বাস্তবায়ন প্রশ্নে রুল
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন হওয়ার ১০ বছরের মাথায় ওই আইনের ৭ ও ৮ ধারার বাস্তবায়ন চেয়ে চলতি বছরের জানুয়ারিতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আইনের ৭ ধারায় ধূমপান এলাকা চিহ্নিত করা এবং ৮ ধারায় সতর্কতামূলক নোটিস প্রদর্শন বিষয়ে বলা হয়েছে।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল দেয়।
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের দুটি ধারা বাস্তবায়নে কেন পদক্ষেপ নেওয়া হবে না এবং আইন অনুসারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
সর্বশেষ অবস্থা সম্পর্কে রিট আবেদনকারীর আইনজীবী জে আর খাঁন রবিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুল বিচারাধীন রয়েছে। শুনানির জন্য প্রস্তুত হলে আদালতে উপস্থাপন করা হবে।
৭ এর ১ উপ-ধারায় বলা হয়, কোনো পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উহাতে এবং কোনো পাবলিক পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উহাতে ধূমপানের জন্য স্থান চিহ্নিত বা নির্দিষ্ট করে দিতে পারবেন।
উপধারা ২ বলছে, কোনো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপানের স্থানের সীমানা, বর্ণনা, সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা বিধি দ্বারা নির্ধারিত হবে।
আইনের ৮ ধারায় সতর্কতামূলক নোটিস প্রদর্শন বিষয়ে বলা হয়েছে। এতে বলা হয়, ধারা ৭ এর অধীন ধূমপান এলাকা হিসেবে চিহ্নিত বা নির্দিষ্ট স্থানের বাইরে প্রত্যেক পাবিলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উক্ত স্থানের এক বা একাধিক জায়গায় এবং পাবলিক পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক সংশ্লিষ্ট যানবাহনে ‘ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সম্বলিত নোটিস বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শন করিবার ব্যবস্থা করিবেন।
