মীর কাসেমকে ‘রক্ষার ষড়যন্ত্রের’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে বাঁচানোর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
আপিলেও যুদ্ধকালীন চট্টগ্রামের বদর কমান্ডার কাসেমের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে সোমবার বিকালে শাহবাগে সমাবেশ এবং মশাল মিছিল করবে তারা।
গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টায় শাহবাগে প্রজন্ম চত্বরে এই কর্মসূচি পালন করবেন তারা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল।
মীর কাসেম
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণার কথা আগামী ৮ মার্চ।
“এই মামলা ঘিরে বিভিন্ন মহলের কর্মকাণ্ড এবং বক্তব্যে এটাই প্রতীয়মান হয় যে, এই যুদ্ধাপরাধীকে রক্ষার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে,” বলা হয়েছে গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে।
