বিমানবন্দরে লাগেজ হারানো ‘বিচ্ছিন্ন ঘটনা’: মন্ত্রী
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারানোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রীর ২৫ থেকে ৩০ হাজারটি ব্যাগ বহন করা হয়ে থাকে।
“এই বিশাল কর্মকাণ্ডে মাঝে মধ্যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তবে বিষয়টি অবশ্যই কাম্য নয়।”
আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা বিমানবন্দরে গত বছরের নভেম্বর মাসে নয়টি, ডিসেম্বরে ১৪টি এবং চলতি বছরের জানুয়ারি মাসে ১৩টি লাগেজ হারানোর অভিযোগ পাওয়া গেছে।
মেনন বলেন, “এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যাত্রীদের ব্যাগেজ ক্ষতিগ্রস্ত বা খোঁয়া যাওয়াটি ব্যতিক্রম ঘটনা। যাত্রীদের মালামাল পরিবহনকালে হ্যান্ডলিং সীমাবদ্ধতার কারণে কদাচিৎ ভুল গন্তব্যে যাওয়া বা শনাক্তহীন হিসেবে যাত্রাস্থলে থেকে যায়।
“এসকল ব্যাগেজ সবসময়ই একশত ভাগ সিস্টেমের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটনাগুলোর আন্তর্জাতিক ব্যাগেজ ক্ষতিপূরণ নিয়মানুযায়ী নিষ্পত্তি করা হয়।”
লাগেজ হারানো প্রতিরোধে বিমানবন্দর কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী।
ওয়ার্কাস পার্টির এই নেতা আরও বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ঢাকায় অবতরণের আগেই ট্রানজিট বিমানবন্দ থেকে ব্যাগেজ ক্ষতিগ্রস্ত/খোলা অবস্থায় পাওয়া যায়।”
সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে শাহজালাল বিমানবন্দরের স্পর্শকাতর স্থান বা এলাকাসমূহে মোট ১৯০টি ডিজিটাল সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিমানমন্ত্রী।
তিনি বলেন, “এর মাধ্যমে বিমানবন্দরে আগত সকল যাত্রী ও অতিথিগণসহ এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চলাচল ২৪ ঘণ্টা মনিটরিং করা হয়।”
এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করার জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনাল এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় অতিরিক্ত ১২০টি সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।
মেনন বলেন, “পাশাপাশি রানওয়ে ও টেক্সিওয়ে এলাকায় তিনটি সার্ভিল্যান্স ক্যামেরাও (আইপি বেসড) বসানোর পরিকল্পনা রয়েছে।”
প্রতিবছর .১৮% বনাঞ্চল কমছে
কাজী রোজীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বাংলাদেশে প্রতি বছর শূন্য দশমিক ১৮ শতাংশ হারে বনাঞ্চল হ্রাস পায়।
তিনি বলেন, “বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। এর মধ্যে ৮৪ শতাংশ হচ্ছে প্রাকৃতিক বনভূমি।”
উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী জানান, দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫০ শতাংশ বনভূমি।
সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে অনাবাদি জমির পরিমাণ পাঁচ লাখ পাঁচ হাজার একর।
সরকার দলের এনামুল হকের প্রশ্নের জবাবে শামসুর রহমান শরীফ জানান, বর্তমানে দেশে বালুমহালের সংখ্যা ৭৩৫টি। এর মধ্যে ইজারা রয়েছে ৩৫৭টির।
