ভাঁজে ভাঁজে ‘অমর একুশ’
ভাঁজে ভাঁজে অমর একুশের ছোঁয়ায় ছেয়ে যাওয়া বইমেলা পূর্ণতা পেল একুশের দিনে। চেতনার সঙ্গে উৎসরিত আবেগে এদিন একাকার চার লাখ ৭৮ হাজার বর্গফুটের বিস্তীর্ণ পরিসর।
দর্শনার্থীদের সাজ, বাংলা একাডেমির মাইকে ভেসে আসা গান, কবিতা আর একুশের আঁচড়ে গোটা মেলা ক্যানভাসের মলাটে ছিল একুশের বীরত্বগাথা।
অন্যান্য ছুটিরদিন মেলার মূল ফটক বেলা ১১টায় খুললেও রোববার সকাল ৮টায় চরণ পড়েছে পাঠকের, বইপ্রেমীদের।
হাজারো মানুষের উপস্থিতিতে বেশ অনুমেয়- প্রভাতফেরী শেষে যে পথ ছড়িয়ে যাওয়ার কথা গন্তব্যে, তার শেষটা মিলেছে একুশের মেলায়; সন্ধ্যা অবধি ছিল তার রেশ।
ভাষা শহীদদের স্মরণের দিনে সাদা-কালোতে সেজে আসা মানুষের মধ্যে কেউ এসেছেন দলবেঁধে, কেউবা পরিজন নিয়ে। তবে কমবেশি সবার হাতে দেখা গেছে অন্যান্য বইয়ের মাঝে ইতিহাস ও ‘একুশ’ ভিত্তিক বই।
মিরপুরের ইউসেপ স্কুলের প্রায় ৭০ জন শিক্ষক-শিক্ষার্থীর একটি দল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায়ও আসতে দেরি করেনি তারা।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ হোসেন বলেন, “আমরা শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিতে এসেছিলাম। এরপর মেলায় আসছি। ২১ শে ফেব্রুয়ারি, আবার এটা তো একুশের বইমেলা।”
দুপুরের পর থেকে মেলা প্রাঙ্গণের প্রবেশমুখে দেখা গেছে দীর্ঘ সারি।
অনন্যা প্রকাশনীর মালিক মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে প্রভাতফেরীর কারণে ভিড় কম ছিল। শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন শেষে তাদের বেশিরভাগই ছুটে এসেছেন মেলায়।
“ফলে দুপুরের পর থেকেই মূলত মেলা আসল রূপ ফিরে পেয়েছে। ভিড়ের সঙ্গে সঙ্গে বিক্রিও বেশ।”
রোববার বইমেলায় নতুন বই এসেছে ২১০টি। এর মধ্যে গল্প ৩৭, উপন্যাস ৩৫, প্রবন্ধ ১৬, কবিতা ৫৭, গবেষণা ৪, ছড়া ৭, শিশুতোষ ১১, জীবনী ৪, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ৫, নাটক ১, বিজ্ঞান ১, ইতিহাস ১, অনুবাদ ২ ও অন্যান্য ২৮টি।
বিকেল ৪টায় একই মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা-২০১৬। এতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বাংলা একাডেমির সভাপতি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘আবাসন: বিশ্বে ও বাংলাদেশে’ শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সুদীপ চক্রবর্তীর পরিচালনায় নাট্য সংগঠন, থিয়েট্রেক্স বাংলাদেশ পরিবেশন করবে শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনের অমর নাটক ‘কবর’।
