২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার বিকৃতি যেন না হয়: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার বিকৃতি রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 05:03 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপনের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, অঞ্চলভেদে বাংলা ভাষার যে তারতম্য দেখা যায় সেটা স্বাভাবিক। কিন্তু অনেকে ক্ষেত্রে বিকৃত উচ্চারণে বাংলা বলতে শোনা যায়, যা গ্রহণযোগ্য নয়।

“বাংলা ভাষাটা ভুলে যাওয়াটা যেন বিরাট একটা গুণের কাজ। কিছু কিছু মানুষের মধ্যে এই চরিত্রদোষটা আমি দেখতে পাই।”

বিদেশি ভাষার উচ্চরণে বাংলা বলার প্রবণতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

“বাংলাকে বিকৃত করে ইংরেজি অ্যাকসেন্টে বলার চেষ্টা- অনেকে মনে করে ওটাও তাদের একটা বিরাট গৌরবের বিষয়”

এ বিষয়ে সচেতনতা তৈরির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভাষার বিকৃতিটা যেন না হয়। এ ব্যাপারে সকলকে সজাগ ও সচেতন থাকার একটা অনুরোধ আমার রইলো।”

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলার পাশাপাশি বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এই পৃথিবী এখন ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে; জীবন জীবিকার জন্য মানুষকে নানা ভাষা শিখতে হয়।

“ভাষা শেখার একটা বিশেষ স্কিল লাগে। সকলে পারে না। অনেকে অনেক ভাষা একসাথে শিখতে পারে। ভাষা শেখায় কোনো অপরাধ নেই… যে যতো ভাষা শিখতে পারবে.. আমরা অনেক সময় উৎসাহিত করি।”

কর্মসংস্থানের জন্য যারা বিদেশে যান, তাদের ভাষা শেখার সুযোগ করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাকে অবহেলা করার প্রবণতার সমালোচনা করেন তিনি। 

“এখানে আরেকটা কালচার দেখা যাচ্ছে, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি। সেটা হলো; ছোট ছোট শিশুদের ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। এই চিন্তাটা চলে এসেছে।”

“আমি অনেক সময় জিজ্ঞাসা করি, কয়টা ইংরেজি মিডিয়ামের ছেলে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে? হাতে গুণে পাওয়া যায় না। তাহলে, এই ধরনের মানসিকতাটা কেনো থাকবে?” প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,  “তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষার অধিকার পেয়েছি।”

১৯৫২ সালের পর উর্দু হরফে বাংলা এবং পরে লাতিন হরফে বাংলা লেখার ‘চেষ্টা হয়েছিল’ মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তখন রবীন্দ্রনাথ পড়া যাবে না, শোনা যাবে না।… কারণ, একটা জাতিকে ধ্বংস করতে গেলে প্রথমে আঘাত হানতে হয় ভাষার ওপর, সংস্কৃতির ওপর।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে  গুলি চালায় পুলিশ। প্রাণ দেন সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

সেই ইতিহাস স্মরণ করে শেখ হাসিনা বলেন, “কোনো অর্জনই হঠাৎ করে আসে না। অর্জনের পেছনে নেতৃত্ব থাকে। আর সেই নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা।”

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। এরপর থেকে প্রতি বছরই দিনটি পালন করা হচ্ছে সারা বিশ্বে।

শেখ হাসিনা বলেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই সুর আমরা এখন আন্তর্জাতিক পর্যায়েও শুনতে পাই। এ ব্যাপারে আমাদের আরও কিছু করার আছে।”

সারা বিশ্বে যেসব ভাষা হারিয়ে যাচ্ছে, সেগুলো সংগ্রহ করা, চর্চা করা এবং গবেষণা জন্য ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারির পর এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে শেখ হাসিনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কিন্তু পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার ইন্সটিটিউটের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরলে সেই কাজ আবার শুরু হয়।

২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন পাস হলে ওই বছরের ২১ ফেব্রুয়ারি ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়।

শেখ হাসিনা বলেন, “বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের ওপর বর্তেছে। সে দায়িত্বটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি।

“শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না,” বলেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের জন্য আলাদা তহবিল গঠনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রতিষ্ঠানটাই হবে বিশ্বে মাতৃভাষা চর্চা ও গবেষণার কেন্দ্র।… আমরা চাই আরও গবেষণা হোক।” 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বয়স বেশি দিন না হলেও ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণমালা ও ভাষা সংরক্ষণ, সেই ভাষা শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিতে হবে। 

এজন্য গণমাধ্যমগুলোকেও সচেতনতার সৃষ্টিতে এগিয়ে আসার তাগিদ দেন সরকারপ্রধান।

তিনি বলেন, “বিনোদন মাধ্যমগুলোতে নিজস্ব সংস্কৃতির স্বকীয়তা যেন আরও বিকশিত হতে পারে।”

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে ইউনেস্কো দুই নম্বর ক্যাটাগরিতে উন্নীত করায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই মাতৃভাষার ওপর আরও চর্চা হোক। আমরা এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে চাই… যা বিশ্বের মানুষকে আকর্ষণ করবে।

“এই দেশ আমাদের দেশ। বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার প্রচারে আমাদের আরও উদ্যোগ নিতে হবে,” বলেন তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, স্বাগত বক্তব্য দেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসেন।

অন্যদের মধ্যে ঢাকায় ইউনেস্কোর প্রধান বিয়েত্রিস কালদুম অনুষ্ঠানে বক্তব্য দেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিন্নাত ইমতিয়াজ আলী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে ইউনেস্কোর দুই নম্বর ক্যাটাগরির মর্যাদা দেওয়ার চুক্তিপত্রটি তার হাতে তুলে দেন নুরুল ইসলাম নাহিদ।