২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে তারামন বিবি

শ্বাসকষ্টে ভোগা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:54 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়।

তবে ফুসফুসের সমস্যা ‘গুরুতর রূপ’ নেওয়ায় তাকে সম্মিলত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন বক্ষব্যাধি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক রাশেদুল হাসান।

তারামন বিবি শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ গিয়ে হাসাপাতালে ভর্তি হন।

অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটে পাঠানোর কথা মঙ্গলবারই জানিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) প্রধান ডা. সাইফুল বারী।

তারামন বিবির শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার দীর্ঘদিন ধরে যক্ষ্মা ছিল। সেখান থেকে জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পোস্ট টিবি ফিব্রোসিস’, অর্থাৎ তার ফুসফুসের ধারণক্ষমতা কমে গেছে। ফলে তিনি অক্সিজেননির্ভর হয়ে গেছেন, বসে থাকলেও শ্বাসকষ্ট হয়। ফুসফুসের সমস্যার কারণে তার হৃদপিণ্ডেও সমস্যা দেখা দিয়েছে।

“এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে সিএমএইচে স্থানান্তরের চিন্তাভাবনা করছি।”

একই সমস্যা নিয়ে গত জানুয়ারিতে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তারামন বিবি। চিকিৎসা শেষে ৩১ জানুয়ারি বাড়ি ফিরেছিলেন তিনি।

বীর প্রতিক তারামন বিবির আনুষ্ঠানিক নাম তারামন বেগম। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ার এই নারী এক ছেলে ও এক মেয়ের মা।

কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সহযোগীতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানীদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে।

ওই বছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবিরি হাতে সম্মানানা তুলে দেয়া হয়।

পুরনো খবর:

ঢাকায় নেওয়া হচ্ছে তারামন বিবিকে
বীর প্রতীক তারামন বিবি হাসপাতালে