২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: তাহের-ননীর প্রাণদণ্ড ফাঁসি অথবা গুলিতে

একাত্তরে হত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে নেত্রকোণার রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 12:19 PM

Updated : 11 Oct 2022, 07:43 PM

পুরনো খবর:

তাহের ও ননীর সর্বোচ্চ সাজা হত্যা, ধর্ষণের দায়ে

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই রায় ঘোষণা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে দুই আসামির দণ্ড কার্যকর করতে বলেছে।

রায়ে বলা হয়, আসামি তাহের ও ননীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর মধ্যে তৃতীয় ও পঞ্চম অভিযোগে হত্যা, ধর্ষণ, আটকে রেখে নির্যাতনের দায়ে দুজনের সর্বোচ্চ সাজার আদেশ এসেছে। প্রথম ও দ্বিতীয় অভিযোগে হত্যা, নির্যাতন, লুট-পাট, অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে।   

এই রায়ে হতাশা প্রকাশ করে আপিল করার কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবী। নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন তাহের ও ননী।

অন্যদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে তাহের ও ননীর এলাকা নেত্রোকোণায়। 

একাত্তরে তাহের ও ননীর বর্বরতায় নিহত মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামান মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন বলেন, “এই রায়ে আমি ও আমাদের পরিবারের সবাই সন্তুষ্ট। আমি এই মামলার সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা চাই।”

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাহের ছিলেন নেজামী ইসলামী পার্টির স্থানীয় নেতা। চার দশক পরে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার হওয়ার সময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন তিনি। আর ননী তার এলাকায় একজন সাবেক ফুটবলার হিসেবে পরিচিত।

একাত্তরে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীতে যোগ দেন। সে সময় নেত্রকোণা জেলা সদর ও বারহাট্টা থানাসহ বিভিন্ন এলাকায় তারা মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তারা ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে পরিচিতি পান বলে এ মামলার বিচারে উঠে এসেছে।

ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ২২টি মামলার ২৬ আসামির মধ্যে তাহের ও ননীকে নিয়ে মোট ১৮ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার আদেশ হলো।

Image
প্রিজন ভ্যানে করে দুই আসামিকে কারাগার থেকে আনা হয় ট্রাইব্যুনালে

প্রিজন ভ্যানে করে দুই আসামিকে কারাগার থেকে আনা হয় ট্রাইব্যুনালে

Image
যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে জোরদার করা হয় ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা

যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে জোরদার করা হয় ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা

আদালতকক্ষের চিত্র

রায়ের জন্য দুই যুদ্ধাপরাধীকে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

কিছু সময় ট্রাইব্যুনালের হাজতখানায় রেখে সকাল সাড়ে ১০টার পর তাদের তোলা হয় কাঠগড়ায়। এর পরপরই তিন বিচারক আসন গ্রহণ করেন।

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের সূচনা বক্তব্যের পর ২৬৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার পড়া শুরু করেন বিচারপতি মো. সোহরাওয়ারদী। এরপর বিচারপতি শাহিনুর ইসলাম রায়ের আরেকটি অংশ পড়েন।

প্রায় দেড় ঘণ্টা রায় পড়ার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাজা ঘোষণা করেন। তৃতীয় ও পঞ্চম অভিযোগে দোষী সাব্যস্ত করে তাহের ও ননীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।

এর মধ্যে তৃতীয় অভিযোগে আছমা ইউনিয়নের লাউফা গ্রামে কয়েকজন নারীকে ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এবং কয়েকজনকে গুলি করে হত্যার কথা বলা হয়েছে। আর বিরামপুর বাজারে মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামান মুক্তাসহ কয়েকজনকে অপহরণ, নির্যাতন এবং গুলি করে হত্যার কথা বলা হয়েছে পঞ্চম অভিযোগে।

তাদের আমৃত্যু কারাদণ্ডের রায় এসেছে প্রথম ও দ্বিতীয় অভিযোগে, যাতে বারহাট্টার বাউসী বাজারে নিরস্ত্র মানুষকে আটক করে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ,মুক্তিযুদ্ধের সংগঠক মফিজ উদ্দিন তালুকদারের ছেলে ফজলুর রহমানকে হত্যা এবং মোহনগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশাররফ হোসেনের ছেলে দবির হোসেনকে নির্যাতন ও হত্যার কথা বলা হয়েছে।

চতুর্থ অভিযোগে হিন্দুদের দেশত্যাগে বাধ্য করার ঘটনা এবং ষষ্ঠ অভিযোগে গণহত্যার ঘটনায় দুই আসামির সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় আদালত তাদের খালাস দিয়েছে।

ছাই রঙের সাফারি পরিহিত তাহের এবং শাদা শার্ট, কালো কোট পরিহিত ননীকে শুরুতে মনোযোগ দিয়ে রায় শুনতে দেখা যায়।

কিছুক্ষণ পর তাহেরকে চোখ বুজে থাকতে দেখে ঘুমিয়ে পড়েছেন বলে মনে হলেও ননী শেষ পর্যন্ত ছিলেন সজাগ।

সাজা ঘোষণার পর দুজনের কেউ কোনো প্রতিক্রিয়া দেখাননি। রায় শোনার সময়ে নিজেদের মধ্যেও তারা কোনো কথা বলেননি।

রায় ঘোষণা শেষে দুপুরে আবারও প্রিজন ভ্যানে তুলে দুই যুদ্ধাপরাধীকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

শহীদের সংখ্যা

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার মধ্যেই এ রায়ে ট্রাইব্যুনাল বলেছে, ৩০ লাখ মানুষের শহীদ হওয়ার বিষয়টি ‘প্রতিষ্ঠিত ইতিহাস’।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, “প্রতিষ্ঠিত ইতিহাস হল- পাকিস্তানি সশস্ত্র বিাহিনীর দখল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধারা নয়টি মাস যুদ্ধ করেছেন। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, লাখ লাখ নারী সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রিয় বাংলাদেশকে মুক্ত করতে। প্রায় এক কোটি মানুষকে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, আরও বহু মানুষ তাদের বাস্তু হারিয়েছেন।

“এই মীমাংসিত ইতিহাস এখন জাতির পবিত্র আবেগ ও মুক্তিযুদ্ধের গৌরবের সঙ্গে একাকার হয়ে গেছে, যে যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি পেয়েছে ‘বাংলাদেশ’।”

রায়ের পর প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, “ইতোমধ্যে ত্রিশ লাখ শহীদের বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, রায়ে সেই যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে আদালত বলেছেন, ত্রিশ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বিতর্কের অবকাশ নাই। এই ত্রিশ লাখ মানুষের আত্মদানেই স্বাধীন বাংলাদেশ।”

Image
আবু তাহের ও আতাউর রহমান ননী

আবু তাহের ও আতাউর রহমান ননী

একজন নেজামী ইসলামী থেকে বিএনপিতে, আরেকজন ফুটবলার

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ওবায়দুল হক তাহের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ভোগাপাড়ার শুনই এলাকার মঞ্জুরুল হকের ছেলে। তার জন্ম ১৯৫০ সালের ১ জানুয়ারি।

বিকম ডিগ্রি পাওয়ার পর তাহের নেজামী ইসলামী পার্টির রাজনীতিতে যোগ দেন। এ দেশের মানুষের মুক্তির সংগ্রাম শুরু হলে তিনি তার বিপক্ষে অবস্থান নেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীতে যোগ দিয়ে নেত্রকোণা সদরের কমান্ডারের দায়িত্ব পান।

আরেক যুদ্ধাপরাধী আতাউর রহমান ননী একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা এলাকার মৃত আহছান আলী ওরফে আছান আলী ওরফে হাছেন আলীর ছেলে।

এসএসসির সনদে ননীর জন্ম তারিখ ১৯৫৬ সালের ৭ জুলাই উল্লেখ করা হলেও জাতীয় পরিচয়পত্রে লেখা হয়েছে ৮ অগাস্ট ১৯৫৮।

পৌর শহরের সাবেক এই ফুটবলারও একাত্তরে তাহেরের নেতৃত্বে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন যুদ্ধাপরাধে অংশ নেন বলে এ মামলার বিচারে উঠে এসেছে।

২০১৪ সালে গ্রেপ্তার হওয়ার আগে নেত্রকোনা পৌর শহরের তেরী বাজারে ব্যবসা করতেন তাহের। তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন বলে প্রসিকিউশনের তদন্ত দলের তথ্য।

পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা ননীও গ্রেপ্তার হওয়ার আগে ব্যবসা করতেন। একাত্তরে মাত্র ১৯ বছর বয়সে তিনি নানা মানবতাবিরোধী অপরাধে অংশ নেন বলে এ মামলার অভিযোগপত্রের তথ্য।  

Image
প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল

প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল

Image
আসামিপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম

আসামিপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম

প্রতিক্রিয়া

রায়ের পর আদালত থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহের ও ননীর আইনজীবী গাজী এমএইচ তামিম বলেন, “ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তাতে উনারা সংক্ষুব্ধ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উনারা সুপ্রিম কোর্টের আপিল করবেন।”

অন্যদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, “আমরা প্রসিকিউশন পক্ষ এ রায়ে  সন্তুষ্ট।”

ঢাকায় রায় ঘোষণার পরপরই নেত্রোকোণা শহরের মোক্তারপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় মুক্তিযোদ্ধারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ যুদ্ধাপরাধীদের দণ্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

এ মামলার সাক্ষী নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আমীন বলেন, “এই মামলায় আমিও সাক্ষী ছিলাম। আমরা মুক্তিযোদ্ধারা চাই তাদের দণ্ড দ্রুত কার্যকর করা হোক।”

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আক্কাস আলী আহম্মেদ বলেন, “মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে যে অমানবিকভাবে নির্যাতন চালিয়ে তাহের-ননীরা হত্যা করেছে এই রায়ে সেই হত্যার উপযুক্ত বিচার হয়েছে। আমরা কিছুটা হলেও শান্তি পেয়েছি।

অন্যদিকে রায়ের পর ননীর মোক্তারপাড়ার বাসায় মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলতে দেখা যায়।

তাহেরের স্ত্রী রওশন আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী নিরপরাধ, তাকে অপরাধী সাজিয়ে ফাঁসির রায় দিয়েছে।”

Image
রায়ের পর যুদ্ধাপরাধী আতাউর রহমান ননীকে কারাগারে নিতে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে

রায়ের পর যুদ্ধাপরাধী আতাউর রহমান ননীকে কারাগারে নিতে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে

Image
একাত্তরের রাজাকার আবু তাহেরকে রায়ের পর কারাগারে নিতে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে

একাত্তরের রাজাকার আবু তাহেরকে রায়ের পর কারাগারে নিতে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে

মামলা বৃত্তান্ত

নেত্রোকোণার মুক্তিযোদ্ধা আলী রেজা কাঞ্চন একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালে ননী ও তাহেরসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করলে পরে বিষয়টি ট্রাইব্যুনালে আসে।

২০১৩ সালের ৬ জুন এ দুই আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। এক বছর চার মাস ২৮ দিন তদন্তের পরে ২০১৪ সালের ৫ নভেম্বর দেওয়া হয় ৬৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন।

প্রসিকিউশনের আবেদনে আদালত পরোয়ানা জারি করলে ওইবছর ১২ অগাস্ট দুই আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোণার পুলিশ। পরদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করে পাঠানো হয় কারাগারে।

প্রসিকিউশন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ২০১৪ সালের ১১ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

এরপর গতবছর ২ মার্চ যুদ্ধাপরাধের ছয় ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাহের ও ননীর যুদ্ধাপরাধের বিচার শুরু হয়।

২০১৫ সালের ৫ এপ্রিল প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্যগ্রহণ। প্রসিকিউশনের পক্ষে মোট ২৩ জন জবানবন্দি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ একজন সাফাই সাক্ষীর নাম দিলেও তাকে তারা হাজির করতে পারেনি।

৪ জানুয়ারি থেকে চার দিন দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী। আসামিপক্ষে ছিলেন আব্দুস সোবাহান তরফদার ও গাজি এম এইচ তামিম।