তাহের ও ননীর সর্বোচ্চ সাজা হত্যা, ধর্ষণের দায়ে
নেত্রকোণার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং তার সহযোগী আতাউর রহমান ননীর সর্বোচ্চ সাজার রায় এসেছে বিরামপুর এবং আছমা ইউনিয়নে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে।
মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে তৃতীয় ও পঞ্চম অভিযোগে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে তা কার্যকর করতে বলা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় অভিযোগে হত্যা, নির্যাতন, লুট-পাট, অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে।
চতুর্থ অভিযোগে হিন্দুদের দেশত্যাগে বাধ্য করার ঘটনা এবং ষষ্ঠ অভিযোগে গণহত্যার ঘটনায় দুই আসামির সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় আদালত তাদের খালাস দিয়েছে।
এর মধ্যে ষষ্ঠ অভিযোগে গণহত্যার কথা বলা হলেও প্রসিকিউশন কোনো সাক্ষী হাজির করতে পারেনি। বাকি অভিযোগগুলোতে প্রসিকিউশনের পক্ষে মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ কোনো সাক্ষ্য হাজির করতে পারেনি।
আবু তাহের ও আতাউর রহমান ননী
দুই অভিযোগে মৃত্যুদণ্ড
অভিযোগ ৩: একাত্তরের ১৯ অক্টোবর তাহেরের নেতৃত্বে ননী ও স্থানীয় রাজাকার সদস্যরা পাকিস্তানি সেনা সদস্যদের নিয়ে আছমা ইউনিয়নে হামলা চালিয়ে চানফর আরী ও ঋষি মিয়াকে আটক করে নির্যাতন চালায়। পরে তাদের সঙ্গে নিয়ে তারা লাউফা গ্রামে হামলা চালায় এবং সেখানে কয়েকজন নারীকে ধর্ষণ করে সোনার গয়না ছিনিয়ে নিয়ে যায়। আসামি তাহের ও ননীসহ রাজাকার সদস্যরা স্থানীয় মশরব আলীর স্ত্রী নুরু নাহার আক্তারের ওপর পাশবিক নির্যাতন চালায়। ওই ঘটনায় নুরু নাহার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
আসামিরা পরে রাজাকার ও পাকিস্তানি সেনা সদস্যদের নিয়ে লাউফা গ্রামের পশ্চিম পাড়ায় হামলা করে। সেখানে ৫০/৬০টি বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়। গ্রামে ছেড়ে যাওয়ার পথে রুজ আলী তালুকদার ও জাফর আলী তালুকদারকে গুলি করে হত্যার পর লাশ খালের পাড়ে ফেলে রাখে আসামিরা।
তারা পরে ওই গ্রাম থেকে বেশ কয়েকজনকে ধরে ঠাকুরকোনা রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। ওই রাতেই মশরব আলী তালুকদার, আলাউদ্দিন, জাহেদ আলী, আ. জব্বার, ঋষি মিয়া, চানফর আলীকে ঠাকুরকোনা রেল ব্রিজের নিচে নিয়ে গুলি করা হয়। চানফর গুলিবিদ্ধ অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচাতে পারলেও বাকিদের মৃত্যু হয়।
এ ঘটনায় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
অভিযোগ ৫: একাত্তরের ১৫ নভেম্বর দুই আসামি রাজাকার সদস্যদের নিয়ে বিরামপুর বাজারে হামলা চালায় এবং মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামান মুক্তাসহ ছয় জনকে অপহরণ করে নেত্রোকোণা ডাকবাংলোর ক্যাম্পে নিয়ে নির্যাতন চালায়। পরে আটক সবাইকে খোলা জিপে নিয়ে পুরো শহর ঘোরানো হয় এবং রাতে মোক্তারপাড়া ব্রিজে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞ চালানোর পর আসামিরা উল্লাস করে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যা এবং আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আমৃত্যু কারাদণ্ড দুই অভিযোগে
অভিযোগ ১: ১৯৭১ সালের ১৭ অগাস্ট আসামিরা রাজাকার ও পাকিস্তানি সেনা সদস্যদের নিয়ে নেত্রকোণা থেকে গিয়ে নদী পার হয়ে বারহাট্টার বাউসী বাজারে হামলা করে। সেখানে পাকিস্তানি বাহিনী ও রাজাকার সদস্যরা নিরস্ত্র মানুষকে আটক করে নির্যাতন চালায়। আটকদের মধ্যে অনেককে ছেড়ে দেওয়া হলেও বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মফিজ উদ্দিন তালুকদারের ছেলে ফজলুর রহমানকে তারা আটক রাখে। লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাজারের চার থেকে পাঁচশ দোকান। বাজারের পাশে হিন্দু অধ্যুষিত সাহা পাড়ায় গিয়েও তারা ২০/২৫টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে।
পরে ফজলুর রহমানকে নেত্রকোণায় নিয়ে গিয়ে জেলা পরিষদ ডাক বাংলোয় আটক রেখে নির্যাতন চালানো হয়। ওই রাতে তাহেরের নেতৃত্বে ননী ও তার রাজাকার সঙ্গীরা ফজলুর রহমানকে ত্রিমহোনী ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় হত্যা, আটকে রেখে নির্যাতন, দেশত্যাগে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
অভিযোগ ২: মোহনগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশাররফ হোসেনের ছেলে দবির হোসেন একাত্তরে ছিলেন মোহনগঞ্জ পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর তিনি মোহনগঞ্জ লুহিয়ার মাঠে (বর্তমানে আলী উসমান শিশু পার্ক) পাকিস্তানি পতাকা পুড়িয়ে পাকিস্তানপন্থিদের রোষানলে পড়েন।
একাত্তরের ৪ অক্টোবর তাহেরের নেতৃত্বে ননী ও তার রাজাকার সঙ্গীরা বারহাট্টা রোডের নরসিংহ জিউর আখড়া এলাকায় হামলা চালিয়ে দবিরকে আটক করে এবং নির্যাতন চালানোর জন্য জেলা পরিষদের ডাক বাংলোয় নিয়ে যায়। ওই রাতেই দবির হোসেনকে মোক্তারপাড়া ব্রিজে নিয়ে গুলি করে হত্যা করা হয় এবং এরপর তার লাশ নদীতে ফেলে দেয় আসামিরা।
এ ঘটনায় হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
দুই অভিযোগ থেকে খালাস
অভিযোগ ৪: মে মাসের শেষ দিকে তাহেরের নেতৃত্বে ননী ও তাদের রাজাকার সঙ্গীরা মোক্তারপাড়ায় মলয় বিশ্বাসের বাড়ি দখল করে রাজাকার ক্যাম্প স্থাপন করে। মলয় বিশ্বাস ও তার পরিবারের লোকজন প্রাণের ভয়ে দেশত্যাগে বাধ্য হন। এর ধারাবাহিকতায় নেত্রকোণা শান্তি কমিটির সহ-সভাপতি নেজামী ইসলাম পার্টির তখনকার সভাপতি মাওলানা মঞ্জুরুল হক রাজাকার সদস্যদের নিয়ে অ্যাডভোকেট শ্রীশ চন্দ্র সরকারের বাড়ি দখল করে পার্টির অফিস বসায়। শ্রীশ চন্দ্র ও তার পরিবারও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।
এ ঘটনায় নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
অভিযোগ ৬: একাত্তরের অক্টোবরে আসামিরা নেত্রোকোণা শহর থেকে ১৫ জন হিন্দুকে ধরে ত্রিমোহিনী ব্রিজে নিয়ে যায়। সেখানে গুলি করে তাদের কথ্যা করা হয়।
একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের জন্য আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয় এ ঘটনায়।
