ঢাকার ফুটপাতে গুলিবিদ্ধ লাশ
ঢাকার দারুসসালাম থানা এলাকায় রাস্তার ফুটপাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ বিসিল কুয়েতি মসজিদের সামনের ফুটপাতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে দারুস সালাম থানার এসআই মো. নাসির উদ্দিন জানান।
নিহতের পরনে ছাই রঙের শার্ট ও প্যান্ট ছিল, পায়ে ছিল চামড়ার জুতা। তার নাম-পরিচয় জানা যায়নি।
“তার বুকের বাম দিকে একটি গুলির চিহ্ন রয়েছে। যেখানে তাকে ফেলে রাখা হয়েছে তার ধারে কাছে তেমন ঘরবাড়ি নেই। মসজিদের পেছনে একটি স্কুল রয়েছে। তার পাশে রয়েছে সরকারি কর্মকর্তাদের দুটি স্টাফ কোয়ার্টার।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও ওই পুলিশ সদস্য জানিয়েছেন।
