২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাব্বীর মামলা নিতে থানা এখন বাধ্য, দাবি মাহবুবউদ্দিন খোকনের

আপিল বিভাগের নতুন কোনো আদেশ না আসায় পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর মামলা নিতে হাই কোর্টের আদেশ এখন পুনরায় বহাল বলে দাবি করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগে বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য এসেছে। শুনানি নিয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটাই হবে চূড়ান্ত।

রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মাহবুবউদ্দিন খোকনের ব্যাখ্যা সঠিক নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মাহবুবউদ্দিন খোকন।

সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘বাংলাদেশ সরকার বনাম এ কে এম এহসানুর রহমান এবং অন্যান্য’ শিরোনামে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে রয়েছে।

‘পুলিশি নির্যাতন’র শিকার রাব্বীকে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী ও গণমাধ্যমকর্মী জাহিদ হাসান একটি রিট আবেদন করেন। তাতে মোহাম্মদপুর থানায় করা রাব্বীর অভিযোগটি মামলা হিসেবে নিতে হাই কোর্টের নির্দেশ আসে।   

তবে সরকার তার বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই আদেশ স্থগিত করে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

মাহবুবউদ্দিন খোকন বলেন, মামলা নেওয়ার যে নির্দেশটি হাই কোর্ট দিয়েছিল, তা তিন দিনের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

“২৫ জানুয়ারি এটি কার্য‌তালিকায় থাকার কথা, কিন্তু ওই দিন আসেনি। হাই কোর্টের আদেশটা যে তিন দিনের জন্য স্থগিত করা হয়েছিল, তা চলে গেছে ২৫ তারিখে।”

রাষ্ট্রপক্ষ একটি নিয়মিত আপিলের আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপক্ষ এক আবেদনে স্বীকারও করেছে, ভুলক্রমে তারা স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আবেদন দিতে পারেনি।

“এখন আইনগত অবস্থান হচ্ছে হাই কোর্ট যে আদেশটা দিয়েছিল এফআইআর  হিসেবে গণ্য করতে, সেটা বহাল হয়ে গেছে। আমরা আশা করছি, হাই কোর্টের আদেশ অনুসারে মোহাম্মদপুর থানা গোলাম রাব্বীর যে দরখাস্ত তা এফআইআর  হিসেবে গ্রহণ করবে।”

Image
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

মোহাম্মদপুর থানা এখনও মামলা নেয়নি বলে জানানো হলে মাহবুবউদ্দিন বলেন, “এখন মামলা নিতে বাধ্য। এখন হাই কোর্টের আদেশটা বহাল হয়ে গেল, মোহাম্মদপুর থানার ওসি মামলা নিতে বাধ্য।”

নির্দেশনা বাস্তবায়ন না হলে আদালত অবমাননার অভিযোগ করবেন বলেও জানান তিনি।

গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা রাব্বীকে আটক করে পুলিশ।

পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন বলে রাব্বীর অভিযোগ।

ওই ঘটনার পর ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগই এজাহার হিসেবে নিতে থানাকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।

পুরনো খবর:

রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নেওয়ার নির্দেশ
রাব্বীর মামলা নেওয়ার আদেশ স্থগিত
রাব্বীর মামলা নেওয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন