রাব্বীর মামলা নেওয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন
পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নিতে হাই কোর্টের আদেশের ওপর চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রিট আবেদনকারী পক্ষ।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া আবেদনটির ওপর বুধবার চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন অন্যতম আবেদনকারী ব্যারিস্টার এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৮ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ রাব্বীর মামলা নিতে মোহাম্মদ থানা পুলিশকে নির্দেশ দেয়।
সেইসঙ্গে রাব্বীকে ‘বেআইনি’ নির্যাতন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক, তেজগাঁও বিভাগের উপকমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং ‘নির্যাতক’ এসআই মাসুদ শিকদারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
থানার ওসি জামালউদ্দিন মীর বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশের অনুলিপি এখনো আমাদের হাতে আসেনি। অনুলিপি পেলে আদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।”
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ।
সে সময় রাব্বীকে মারধরও করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ওই অভিযোগ অস্বীকার করে এসআই মাসুদ বলেছেন, এতো রাতে রাব্বী কেন ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনো ‘সদুত্তর’ তিনি দিতে পারেননি।
ওই ঘটনার পর ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগই আদালত এজাহার হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশ দিয়েছিল।
ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।
