ঢাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর পুরান ঢাকা ও খিলক্ষেত এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন- এনামুল হক (৫৭) ও মরিয়ম আক্তার (২৪)।
এদের মধ্যে পুরান ঢাকায় নিহত এনামুল বৃহস্পতিবার সন্ধ্যায় রিকশায় করে যাওয়ার সময় একটি পিকআপ ধাক্কায় গুরুতর আহত হন।
রেজাউল নামে এক ব্যক্তি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ।
এনামুলের বাড়ি নড়াইলে; তিনি রাজশাহী রেলওয়ের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন বলে জানান তার বোন দিলারা খানম।
ঢাকেশ্বরী এলাকায় বসবাস করা দিলারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রেলের টিকেট চেকারদের (টিটি) জন্য কাপড় কিনতে রাজশাহী থেকে ঢাকার ইসলামপুরে এসেছিলেন তার ভাই। সেখান থেকে রিকশায় করে তার বাসায় ফেরছিলেন।
এদিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বাসের চাপায় মরিয়ম আক্তার মারা যান বৃহস্পতিবার সকালে।
খিলক্ষেত থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় এক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মরিয়ম মারা যান।
টঙ্গী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম স্বামী সালাউদ্দিনের সঙ্গে খিলক্ষেত নামাপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে।
পড়াশুনার পাশাপাশি মরিয়ম একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন জানিয়ে এসআই রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।
