২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওর অনুদান কিভাবে, ব্যাখ্যা চান বেসরকারি শিক্ষকরা

নতুন বেতন কাঠামো অনুযায়ী কিভাবে এমপিওর আর্থিক সুবিধা দেওয়া হবে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 01:31 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছরে উন্নীত করার দাবিও তোলা হয়।

এমপিওভুক্ত শিক্ষকরা অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতনভাতা পাবেন কি না- পে-স্কেলের গেজেট তার উল্লেখ ছিল না।

এনিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত ২০ ডিসেম্বর এক আদেশে জানায়, সরকারি কর্মচারীদের মত ২০১৫ সালের ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন পাবেন।

ওই আদেশে বলা হয়েছে, “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতনস্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই ২০১৫ তারিখ হইতে কার্যকর সমীচীন হইবে।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ইয়াদ আলী খান বলেন, “এমপিওভুক্ত শিক্ষকরা স্বয়ংক্রিয়ভাবে নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয়ে এলেও এবার নানা শর্তের বেড়াজালে আবদ্ধ করে নতুন স্কেলে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

“যা দেশের সমগ্র বেসরকারি শিক্ষকদের নতুন বেতন স্কেল থেকে বঞ্চিত করার অপপ্রয়াস বলে সমিতি মনে করে।”

মন্ত্রণালয়ের আদেশে উল্লিখিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা’ এবং ‘অনুদান-সহায়তার’ বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়ে এই শিক্ষকনেতা বলেন, “মন্ত্রণালয়ের আদেশে এমপিওকে ‘বেতনভাতা বাবদ সরকারি অংশ’ না বলে মীমাংসিত বিষয়কে বিতর্কিত করা হয়েছে, এটা শিক্ষক সমাজের জন্য অপমানজনক।

“অবিলম্বে এই অসৌজন্যমূলক প্রজ্ঞাপনের ভাষা সংশোধন করা হোক। শিক্ষকরা কোনো করুণার পাত্র নয়, যে তাদের অনুদান বা ভিক্ষা প্রদান করতে হবে।”

বিনাশর্তে নতুন বেতন স্কেলে শিক্ষকদের অন্তর্ভুক্ত না করলে ন্যায্য দাবি আদায়ে শিক্ষকরা রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য মিজানুর রহমান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘অনুদান সহায়তা’ দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সোমবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। পরে সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

পুরনো খবর:

‘ভিক্ষুক নই, ন্যায্য বেতন চাই’