‘ভিক্ষুক নই, ন্যায্য বেতন চাই’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘অনুদান সহায়তা’ দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি শিক্ষক-কর্মচারীদের জন্য শর্ত ছাড়াই অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, “অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করে আসছি।
“কিন্তু এরই মধ্যে ২০ ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘অনুদান সহায়তা’ প্রদানের মতো জঘন্য বিষয় লিপিবদ্ধ করা হয়েছে।”
শিক্ষকরা ‘ভিক্ষুক’ নয়, যে তাদের অনুদান দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের নামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটার ভাষা অত্যন্ত ঘৃণ্য।
“এটা ভিক্ষা দেওয়ার শামিল। আমরা ভিক্ষুক নই, আমরা ন্যায্য বেতন পেতে চাই।”
সমাবেশ শেষে সমিতির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
আবুল কাশেম ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা ও অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।
