সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না: হাসিনা
সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাতের যে কোনো চেষ্টা আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দ্বিতীয় বছর পূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি।
সরকার প্রধান হাসিনা বলেন, “সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।
“বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজনে আরও কঠোর হব।”
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “সকলের মিলিত প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।”
বাংলাদেশের নাগরিকদের শান্তিপ্রিয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-সহিংসতায় বাঙালি বিশ্বাসী নয়।
“১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির আসল উদ্দেশ্য হল জঙ্গিবাদ উস্কে দেওয়া, যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, রাজাকার-আলবদরদের রক্ষা করা,” বলেন তিনি।
২০০৯ সালে আওয়ামী লীগ তৃতীয়বার সরকার গঠনের আগেই তাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছিল।
আওয়ামী লীগের এই সাত বছরের শাসনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
শেখ হাসিনা বলেন, “আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করার। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, রায় কার্যকর করা হচ্ছে, কেউই বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।”
“যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে,” বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে বলেন প্রধানমন্ত্রী।
