কটাক্ষ সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘কটাক্ষ’ করছেন, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কারও কোনো কটাক্ষ সহ্য করা হবে না।
“এদের বিরুদ্ধে ঐকমত্য গড়ে তুলুন। আমরা আপনাদের পাশে আছি”
গত ২১ ডিসেম্বর এক আলোচনা সভায় বিএনপিনেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
বিএনপি চেয়ারপারসনের ওই বক্তব্যের পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তরে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মরেছে’।
তাদের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। খালেদার নামে একাধিক মামলাও দায়ের করা হয়।
ওই বক্তব্যকে ‘ঘৃণ্য’ আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনাও।
খালেদা জিয়ার নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, “একটি দলের নেত্রী ও তার নেতারা মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ৩০ লাখ শহীদের প্রতি কটাক্ষ করেছে, শহীদ বুদ্ধিজীবীদের অপমান করেছে।”
পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকরা বিএনপিকে ‘প্রত্যাখ্যান’ করেছে।
“যারা দেশের ইতিহাসকে বিকৃত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনের পর এ পর্যন্ত ঘোষিত ২২৭টি পৌরসভার মধ্যে বিএনপির মেয়রপ্রার্থীরা জয় পেয়েছেন কেবল ২২টি পৌরসভায়। আর ১৭৭টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনে ‘পছন্দের প্রার্থীদের’ বিজয়ী করে ‘জঙ্গি ও পেট্রোল বোমাবাজদের’ প্রত্যাখ্যান করায় ভোটাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি দাবি করেন, “অতীতের যে কোনো সময়ের তুলনায় এই নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।”
রাজনৈতিক কর্মসূচির নামে যারা জানমালের ক্ষতি করেছে- তাদের শাস্তির আওতায় আনার অঙ্গীকারের কথাও শেখ হাসিনা বলেছেন।
গত দুই বছরে আওয়ামী লীগের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে দলটির সভানেত্রী বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্র ও উন্নয়ন ‘সহ্য করতে পারে না’।
“যারা আপনাদের আপনজনকে কেড়ে নিয়েছে, জানমালের ক্ষতি সাধন করেছে- সেই অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে।”
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্যে নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই বছর ১২ জানুয়ারি শেখ হাসিনার নতুন সরকারের যাত্রা শুরু হয়।
অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া এবং সহিংসতার কারণে প্রশ্নবিদ্ধ সেই জাতীয় নির্বাচনের পর দুই বছর পেরিয়ে এসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাস বোমাবাজি উপেক্ষা করে সেদিন আপনারা গণতন্ত্রকে বিজয়ী করেছিলেন। কিন্তু গণতন্ত্র ও উন্নয়ন বিএনপি-জামায়াত নেতৃত্ব সহ্য করতে পারে না। মানুষ শান্তিতে থাকবে, হাসিমুখে জীবনযাপন করবে তা ওদের সহ্য হয় না।”
জনগণকে দেওয়া ওয়াদা পূরণে সরকার ‘উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রা’ অব্যাহত রেখেছে বলেও দাবি করেন শেখ হাসিনা।
২০১৫ সালের প্রথম তিন মাসে নাশকতায় এরকম বহু গাড়ি পুড়েছে
“বিএনপি-জামাত জোটের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমার শিকার হয়ে নিরীহ বাস ড্রাইভার, বাস, টেম্পো, সিএনজিযাত্রী, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার, সেনা সদস্য, এমনকি স্কুলের শিক্ষক এবং শিশুও নিহত হয়েছে।
“অনেকে আগুনে দগ্ধ হয়েছেন, জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন। মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন”, বলেন প্রধানমন্ত্রী।
যুদ্ধাপরাধীদের ‘রক্ষা’ এবং বিএনপি নেত্রীকে আদালতের হাজিরায় উপস্থিত না হওয়ার সুযোগ দিতেই বিএনপি-জামায়াত গতবছরের শুরুতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে সারাদেশে ‘তাণ্ডব ও হত্যাযজ্ঞ’ শুরু করে বলে মন্তব্য করেন তিনি।
অবশ্য বিএনপি নেতারা বলে আসছেন, সরকার তাদের ঘাড়ে ‘নাশকতার দায় চাপিয়ে’ নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে।
অবরোধের ওই তিন মাসে ‘বিএনপি-জামায়াতের পেট্রোলবোমায় ২৩১ জন নিহত এবং ১১৮০ জন আহত হন বলে ভাষণে তথ্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দুই হাজার ৯০৩টি গাড়ি, ১৮টি ট্রেন ও আটটি লঞ্চে আগুন দেওয়া হয় সে সময়। ‘পরিকল্পিতভাবে’ ৭০টি সরকারি অফিস ও স্থাপনা ভাংচুর এবং ছয়টি ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হয়।
“জনগণকে ভোগান্তিতে রেখে, অমানবিক কষ্ট দিয়ে তাদের জীবন বিপন্ন করে বিএনপি নেত্রী নাটক করে ৬৮ জনকে নিয়ে আরাম আয়েশে ৯২ দিন অফিসে থাকেন। হত্যাযজ্ঞ ও তাণ্ডবের হুকুম দেন।”
খালেদা জিয়ার সেই ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ জনসমর্থন পায়নি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “ব্যর্থতার বোঝা নিয়ে আদালতে হাজিরা দিয়ে তিনি নাকে খত দিয়ে বাড়ি ফিরে যান।”
বিএনপি-জামায়াতের ‘অনৈতিক’ অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘প্রতিবাদ করায়’ জনগণকে ‘কৃতজ্ঞতা’ জানান প্রধানমন্ত্রী।
[এই প্রতিবেদন যৌথভাবে করেছেন সুমন মাহবুব, শহীদুল ইসলাম ও সুলাইমান নিলয়]
