২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে ঘন কুয়াশা: যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় বিরাজ করছে মাঝারি থেকে ঘন কুয়াশা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 09:31 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

শুক্রবার দিবাগত রাতে ঘন কুয়াশায় দেশের অনেক এলাকায় সড়ক দুর্ঘটনাও ঘটেছে। নৌপথে বিঘ্নিত হয়েছে যান চলাচল। তবে ঘন কুয়াশায় বিমানের সিডিউল বিপর্যয় হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির প্রথমার্ধ বা পৌষ মাসের শেষ সপ্তাহে এমন ঘন কুয়াশা স্বাভাবিক। এজন্য যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়; চালু হয় শনিবার সকাল সাড়ে ১০ টায়। একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

কুয়াশার কারণে শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৫ জন।

শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ঘন কুয়াশা ছিল। আরও কিছু দিন তা অব্যাহত থাকবে।”

শীতের এমন সময়ে ঘন কুয়াশা স্বাভাবিক জানিয়ে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সতর্কতা অবলম্বন না করলে রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনার কবলেই পড়তে হবে যানবাহনকে।”

ঘন কুয়াশার কারণে নৌ ও সড়ক পথে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বিমানের সিডিউল বিপর্যয় হয়নি বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিন ধরে রাতে নৌ চলাচলে বিঘ্ন হয়েছে ঘন কুয়াশার কারণে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

দুর্ঘটনা এড়াতে মাঠ পর্যায়ের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নৌযান চালকদের বার্তা পাঠানোর কথাও তিনি জানান।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা শফিকুল বলেন, “আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের সঙ্গে সমন্বয় রেখে মাঠ কর্মকর্তাদের নিয়মিত বার্তা পাঠানো হয়। প্রয়োজনে নির্ধারিত সময়ের পরে ফেরি-লঞ্চ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। গত কয়েকদিনও সতর্কতার সঙ্গে তা অবলম্বন করা হয়েছে।”

অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং দুর্ঘটনা এড়াতে পূর্বাভাস মেনে নৌযান চলাচলের নির্দেশনা রয়েছে বলে তিনি জানান।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চি ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যান্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।