এমপি নজরুলের ‘হুমকিতে’ নজরুল কলেজের অধ্যক্ষ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে জোর করে পদত্যাগপত্রে সই করানোর অভিযোগ তুলেছেন স্থানীয় কবি নজরুল স্কুল ও কলেজের অধ্যক্ষ।
অধ্যক্ষ মো. রেজাউল করিম ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে মঙ্গলবার নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিবিধান চেয়েছেন।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, গত ৩ জানুয়ারি সংসদ সদস্য বাবু সদলবলে তার কার্যালয়ে এসে তাকে ‘গালাগালির পর জোর করে’ সাদা কাগজে সই নিয়ে নেন।
গত ৩ জানুয়ারি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা স্বীকার করলেও অধ্যক্ষের এই অভিযোগ উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ-১ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল বলেছেন, তার বিরুদ্ধে ‘মিথ্যাচার’ হচ্ছে।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে দিতে পারে। তবে তা এখনও আমি জানি না।”
তবে পুলিশ সুপারের কার্যালয়ের একজন কর্মকর্তা অধ্যক্ষ রেজাউলের অভিযোগ দায়েরের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
পুলিশ সুপারের কার্যালয়ে গৃহীত ওই অভিযোগের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতেও রয়েছে।
আড়াইহাজার উপজেলার খাগকান্দার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউলের অভিযোগ, ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অন্তত ২০০ জনকে নিয়ে তার কার্যালয়ে গিয়েছিলেন এমপি নজরুল।
“এমপি নজরুল ইসলাম বাবু আমার রুমে বসে আমাকে জিজ্ঞাসা করে, ‘এই বেটা তুই কে?’ উত্তরে বলি, আমি কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। এমপি সাহেব আমাকে গালিগালাজ করতে থাকে এবং বলে ‘তুই এই চেয়ারের যোগ্য? এখন পদত্যাগ কর’।”
পদত্যাগ করতে রাজি না হওয়ায় সংসদ সদস্যের সঙ্গী তোফাজ্জলসহ কয়েকজন মারতে তেড়ে এসেছিল বলে লিখিত অভিযোগে লিখেছেন রেজাউল।
“আমি পদত্যাগ করতে অস্বীকার করলে এমপি সাহেব আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এমপি সাহেব তার গুণ্ডা বাহিনী দিয়ে সাদা কাগজ এনে জোরপূর্বক পদত্যাগ লিখতে বলে এবং মোশারফ মাস্টারকে দায়িত্ব বুঝাইয়া দিতে বলে।”
সাদা কাগজে সই নিয়ে বাবু চলে যান দাবি করে রেজাউল লিখেছেন, “তাই ওই কাগজটি উদ্ধার হওয়া একান্ত আবশ্যক। ওই ঘটনার বিষয়ে আপনার থানায় ডায়েরি করা প্রয়োজন। অন্যথায় অপূরণীয় ক্ষতি হবে।”
তিনি দাবি করেছেন, আড়াইহাজার থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করতে রাজি না হওয়ায় এই অভিযোগ পুলিশ সুপারের কাছে দিয়েছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াইহাজারে সংসদ সদস্য বাবুর দলীয় প্রতিপক্ষের সঙ্গে রেজাউলের সুসম্পর্ক রয়েছে।
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এখন দ্বিতীয় মেয়াদে সংসদে জনপ্রতিনিধিত্ব করছেন তিনি।
রেজাউলের অভিযোগ নিয়ে কথা বলতে গেলে জানা যায়, সংসদ সদস্য বাবু বর্তমানে বোনের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। পরে তার মোবাইল ফোনে প্রতিক্রিয়া নেওয়া হয়।
সাদা কাগজে রেজাউলের সই নেওয়ার অভিযোগ অস্বীকার করে নজরুল বাবু বলেন, গত ১ জানুয়ারি বই উৎসব থাকলেও ওই অধ্যক্ষ তা করেননি। এ বিষয়ে ইউএনও এবং থানা শিক্ষা অফিসারের প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি তিনি।
“পরে ৩ জানুয়ারি আমি, ইউএনও, থানা শিক্ষা অফিসারসহ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করি। আমি শুধু বই বিতরণ করতে গিয়েছিলাম, অন্য কোনো ঘটনা ঘটেনি।”
ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে মতানৈক্য রয়েছে ইঙ্গিত দিয়ে সংসদ সদস্য বলেন, “সেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। তাকে (রেজাউল) কোনো এক ব্যক্তি জোর করে ওই চেয়ারে বসিয়ে রাখতে চায়।
“তিনি নন এমপিও শিক্ষক। ৬৮ বছরের ওই প্রতিষ্ঠানে কীভাবে একজন নন এমপিও শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন? শিক্ষকদের একটি অংশ তার বিপক্ষে অবস্থান নেন। যেহেতু তিনি তার স্কুলের শিক্ষকদের চাপে পড়েছেন তাই, সে এসব মিথ্যাচার করছেন।”
“আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত,” বলেন এই আওয়ামী লীগ সংসদ সদস্য।
