২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় এক গৃহবধূকে এসিড ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 11:55 AM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার ভোরের দিকে ক্যাম্পের ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এসিডে ঝলসানো সোনিয়া বেগমকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোনিয়াকে তার স্বামী মোস্তাক রনি হাসপাতালে নিয়ে আসেন। তার হাত, পা ও পিঠ এসিডে পুড়ে গেছে।  

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীরের বিভিন্নস্থানে ‘কেমিকেল বার্নের’ কারণে ৪ শতাংশ ঝলসে গেছে, তার চিকিৎসা চলছে।”

ক্যাম্পের ৮ নম্বর ব্লকের একটি বাসার নিচ তলায় দুই সন্তানকে নিয়ে থাকেন রনি ও সোনিয়া।

রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ছেলের জন্য খাবার কিনতে তিনি ক্যাম্পের হোটেলে গেলে এই ঘটনা ঘটে।  

“আমার আসতে দেরি দেখে সোনিয়া বাসা থেকে বের হয়। এ সময় বাসার সামনেই কয়েকজন আমার স্ত্রীর দিকে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। আমি বাসায় ফিরে এই অবস্থা দেখে সোনিয়াকে হাসপাতালে নিয়ে আসি।”

তবে কারা কী কারণে এসিড ছুড়ে থাকতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।