শায়েস্তাগঞ্জের মেয়র নির্বাচনের নথি তলব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন সংশ্লিষ্ট নথিপত্র দাখিল করতে বলেছে হাই কোর্ট।
ওই নির্বাচনে পরাজিত এক প্রার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মাদ আলী; সঙ্গে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল শশাঙ্ক শেখর সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মেয়র পদে ওই পৌরসভা নির্বাচন সংশ্লিষ্ট রেকর্ড দাখিল করতে বলেছে।”
আবেদনকারীর আইনজীবী আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রেকর্ড সাত দিনের মধ্যে দাখিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ভোট গণনায় গরমিলের অভিযোগ এনে ওই পৌরসভায় নির্বাচিত মেয়রের গেজেট প্রকাশ স্থগিত চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি রোববার ওই রিট আবেদনটি করেন।
বাংলাদেশের অন্যান্য পৌরসভার সাথে ৩০ ডিসেম্বর হবিগঞ্জের ওই পৌরসভায় ভোট হয়।
শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালেক মিয়া (নৌকা) ৩ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বিএনপির মেয়রপ্রার্থী বিদায়ী মেয়র ফরিদ আহমেদ অলির (ধানের শীষ) চেয়ে ৮৩ ভোট বেশি পান।
