প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারি ছাত্রলীগে
সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মারামারিতে জড়িয়েছেন ছাত্রলীগের কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দেশজুড়ে নানা কর্মসূচি ছিল সরকার সমর্থক সংগঠনটির। ওই কর্মসূচির মধ্যে মারামারির ঘটনাগুলো ঘটে।
ঢাকায় কেন্দ্রীয় শোভাযাত্রার মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, এসময় ভাংচুর হয় একটি টেলিভিশন স্টেশনের ক্যামেরা।
চট্টগ্রামে কেক কাটার পর সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ি হয় দুই পক্ষে। সিলেটে দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব প্রতিবেদক জানান, কেন্দ্রীয় শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার পথে এর পেছনের অংশে দুই পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়।
বেলা ১টার দিকে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঢাকা মহানগর উত্তরের দুইটি থানা শাখার কর্মীদের মধ্যে এই হাতাহাতি হয় বলে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
পরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার কবির গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সময় টেলিভিশনের প্রতিবেদক আফজাল হোসেন ও ক্যামেরাপার্সন সালাহউদ্দিন আল মামুন এই শোভাযাত্রার সঙ্গে রওনা হয়েছিলেন খবর সংগ্রহের জন্য।
আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোভাযাত্রার বড় অংশ শাহবাগ পার হয়ে গেলেও পেছনের অংশটি চারুকলা অনুষদের সামনে ছিল। এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামনে যাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি বাঁধে।
“ছবি তুলতে গেলে ছাত্রলীগকর্মীরা ক্যামেরাপার্সনকে ঘিরে ধরে ছবি মুছে ফেলতে বলে। একই সময়ে কয়েকজন এসে ক্যামেরা ভাংচুর করে শোভাযাত্রার সঙ্গে সামনে এগিয়ে যায়।”
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে, ছাত্রলীগের শোভাযাত্রার মধ্যে কিছু হয়নি। তারপরও আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।”
এর কিছুক্ষণ পর যোগাযোগ করা হলেও তিনি আগের উত্তরই দেন।
সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুড়োহুড়ির মধ্যে দুয়েক মিনিটের মধ্যে একটি ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঠাণ্ডা করে ফেলি।”
চট্টগ্রাম ব্যুরো জানায়, দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটার পর দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে।
দুই পক্ষকে পরস্পরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে দেখা যায়। পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
চট্টগ্রামে মারামারির সময় চেয়ার নিয়ে হামলা
আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন মহিউদ্দিন। এর কিছুক্ষণ পরই শহীদ মিনারের সামনের সড়কে বিরোধে জড়ায় দুই পক্ষ।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমইএস কলেজের জুনিয়র শিক্ষার্থী এবং সিটি কলেজের সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে।
“জুনিয়র কর্মীরা দুর্ব্যবহার করায় গোলযোগের সূত্রপাত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মিটমাট করে দেন।”
সিলেট প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের সময় রিকাবী বাজারে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়।
জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বেলা ১টার দিকে রেজিস্ট্রারি মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মিনার থেকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ অনুসারীরা ফেরার পথে রিকাবী বাজারে হামলা চালায় কমিটি প্রত্যাখ্যানকারী পক্ষের নেতা শাহীন আহমদের অনুসারীরা।
সিলেটে ধাওয়া-পাল্টা ধাওয়া
উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাংচুরের সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকালে কয়েকটি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষকারী রিকাবী বাজার স্টেডিয়াম মার্কেটের অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে বলে স্থানীয় ব্যবসায়ী সুশান্ত পাল জানিয়েছেন।
হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা রিকাবী বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
