২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শোভাযাত্রায় হাতাহাতি, টিভির ক্যামেরা ভাংচুর

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে ছাত্রলীগের দুই পক্ষে; তার ছবি তুলতে যাওয়ায় সময় টেলিভিশনের একটি ক্যামেরাও ভাংচুর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার বেলা ১টার দিকে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা মহানগর উত্তরের দুইটি থানা শাখার কর্মীদের মধ্যে এই হাতাহাতি হয় বলে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।

পরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার কবির গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

একইদিন চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি বাঁধে।

সময় টেলিভিশনের প্রতিবেদক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের শোভাযাত্রার সঙ্গে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যামেরাপার্সন সালাহউদ্দিন আল মামুন ও তিনি রওনা করেন।

তিনি বলেন, “শোভাযাত্রার বড় অংশ শাহবাগ পার হয়ে গেলেও পেছনের অংশটি চারুকলা অনুষদের সামনে ছিল। এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামনে যাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি বাঁধে।

“ছবি তুলতে গেলে ছাত্রলীগকর্মীরা ক্যামেরাপার্সনকে ঘিরে ধরে ছবি মুছে ফেলতে বলে। একই সময়ে কয়েকজন এসে ক্যামেরা ভাংচুর করে শোভাযাত্রার সঙ্গে সামনে এগিয়ে যায়।”

হামলায় ক্যামেরার লেন্সসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে, ছাত্রলীগের শোভাযাত্রার মধ্যে কিছু হয়নি। তারপরও আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।”

এর কিছুক্ষণ পর যোগাযোগ করা হলেও তিনি আগের উত্তরই দেন।

সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুড়োহুড়ির মধ্যে দুয়েক মিনিটের মধ্যে একটি ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঠাণ্ডা করে ফেলি।”