যৌতুক মামলায় চিত্রনায়ক হেলাল খানের জামিন
স্ত্রী উমা খানের করা যৌতুক আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়ক হেলাল খান।
হেলাল খানের জামিনের মুচলেকা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
উমা খানের আইনজীবী হেলাল খানের জামিনের বিরোধিতা করে শুনানি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার আতিকুর রহমান।
গত বছরের ১০ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দের আদালতে উমা খান হাজির হয়ে মামলাটি করেন।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ৩ জানুয়ারি রোববার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৬০ লাখ টাকা যৌতুক দাবি করায় যৌতুক আইনের ৪ ধারায় হেলাল খানের স্ত্রী উমা খান মামলাটি করেন। ১৯৮৬ সালের ২৬ ফেব্রুয়ারি হেলাল খানের সঙ্গে উমার বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবার ১০ ভরি স্বর্ণালংকার এবং আসবারপত্রসহ মোট ১০ লাখ টাকার জিনিসপত্র দেন। পরবর্তীতে তাদের দুই ছেলে- ফয়সাল খান হেলাল (২৯) ও শৈবাল খান হেলালের (২৩) জন্ম হয়; যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে।
আরজিতে বলা হয়, বিয়ের পর কিছুদিন দাম্পত্য সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে পরনারী আসক্ত হেলাল খান বাদীর কাছে ৬০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী তা দিতে অস্বীকৃতি জানালে তিনি মারধর করেন। এতে বাদী অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওই সময় তার বিরুদ্ধ মামলার প্রস্তুতি নিলে ‘চতুর’ হেলাল খান বাদীর কাছে মাফ চান। ফলে তখন উমা মামলা করা থকে বিরত থাকেন। এরপর কিছুদিন ভালো থাকার পর হেলাল খান আবার প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ দিতে থাকেন।
সর্বশেষ গত ৭ ডিসেম্বর তিনি রোড নং-১১, বাড়ি নং- ১৫, অ্যাপার্টমেন্ট নং-৪/সি বারিধারার বাসায় স্ত্রীর কাছে আবারও ৬০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিতে অস্বীকৃতি জানালে তিনি উমাকে মারধরের পর বাসা থেকে বের করে দেন। একইসঙ্গে হুমকি দেন যে, ৬০ লাখ টাকা যৌতুক না দিলে তাকে তালাক দেওয়া হবে, প্রয়োজনে যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন তিনি।
বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা হেলাল খানকে গত ১৬ ফেব্রুয়ারি নাশকতার দুই মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলাগুলোয় তিন মাসের বেশি কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি।
