২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যা: উসকানিদাতার কম সাজা নিয়ে প্রশ্ন

আহমেদ রাজীব হায়দার শোভন হত্যাকাণ্ডের প্ররোচনাদাতা হিসেবে জঙ্গিনেতা মুফতি জসীম উদ্দিন রাহমানী শনাক্ত হলেও তার পাঁচ বছরের সাজায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহকর্মী ব্লগার ও আন্দোলনকারীরা।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

‘হিন্দুরা আমাকে ভগবানের মতো ভালোবাসে’
রাজীব হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, ৬ জনের জেল
ন্যায়বিচার পাইনি: রাজীবের বাবা
‘মা, পরে কথা হবে’
কোপানোর পর জবাই করা হয় রাজীবকে: পুলিশ
আমৃত্যু আন্দোলনের শপথ রাজীবকে ছুঁয়ে
‘শেষ নয়, থাবা বাবাদের শুরু’
সুমনের গানে ‘শহীদ রাজীব’

“সারাবিশ্বে আমরা দেখি, অপরাধে যারা উসকানি দেয় ,সেই মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি হয়। আর এখানে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হল। এ রায় প্রত্যাশিত হয়নি,” রায় প্রত্যাখ্যান করে বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে গণজাগরণ আন্দোলন শুরুর ১০ দিনের মধ্যে খুন করা হয় মঞ্চের কর্মী রাজীবকে।

পেশায় স্থপতি রাজীব ব্লগ লিখতেন ‘থাবা বাবা’ নামে, যেখানে ধর্মান্ধতা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের বিপক্ষে লিখতেন তিনি।

মূলত অনলাইন অ্যাকটিভিস্টদের কর্মসূচি থেকে আলোড়ন তোলা শাহবাগ আন্দোলনের শুরু হয়েছিল। এই আন্দোলনকারীদের ‘নাস্তিক ব্লগার’ আখ্যায়িত করে পরে মাঠে নামে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন।   

শাহবাগ আন্দোলন শুরুর পর গত কয়েক বছরে বেশ কয়েকজন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট খুন হন, যাদের হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি রাহমানীর ওয়াজ শুনে ব্লগারদের হত্যাকাণ্ডে ‘অনুপ্রাণিত’ হওয়ার স্বীকারোক্তি এসেছে অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে খুনের অভিযোগে গ্রেপ্তার দুই মাদ্রাসাছাত্রও।

ব্লগার খুনের প্রথম মামলার রায়েও ঢাকার আদালত বলেছে, রাজীব হত্যাকাণ্ডে প্ররোচনাদাতা হিসেবে মুফতি রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখক ও ব্লগার রায়হান আবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে হত্যাকারীদের উদ্বুদ্ধ করেছে, তার ফাঁসি হওয়া উচিত ছিল। তাকে দিয়েছে ৫ বছরের জেল। আমি এ কারণে হতাশ।”

ব্লগার আজম খান বলেন, “আমি এই রায়ে সন্তুষ্ট না। পুরো দুনিয়ার যে কোনো দেশে যে খুন করেছে তার চাইতে বড় অপরাধী হিসেবে গণ্য করা হয়, যে উসকানি বা নির্দেশ দেয়। সে বিবেচনায় রাহমানীকে ৫ বছরের জেল মানে আদতে তাকে মুক্ত করে দেওয়া হল।”

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে বা যারা এই হত্যাকাণ্ডের প্ররোচনা দিল, তাদের শাস্তি না দিলে বিচার সম্পূর্ণ হবে না।

“উসকানিদাতাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যেই হেফাজত রাজীব আর গণজাগরণ মঞ্চকে নাস্তিক আখ্যা দিয়ে এসব হত্যাকাণ্ডের পথ তৈরি করল তাদের শাস্তি দিতে হবে।”

Image
আহমেদ রাজীব হায়দার

আহমেদ রাজীব হায়দার

রাহমানীর দণ্ডে অসন্তোষ জানালেও ‘মাঠ পর্যায়ের’ খুনিদের শাস্তি হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান শাহরিয়ার কবির। 

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদের দেওয়া রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল বিন নাঈম দীপ এবং সাবেক ছাত্র পলাতক রেদোয়ানুল আজাদ রানাকে।

রাহমানী ছাড়াও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ ছাত্রকে।

পলাতক রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মুক্তমনা ব্লগের লেখক রায়হান আবীর বলেন, “এদেশে ধর্মীয় মৌলবাদের স্থান নেই। রাজীবের পাশে বাংলাদেশ আছে। ধর্মের নামে যারা নিরাপরাধ লেখক, মানবতাবাদীদের হত্যায় লিপ্ত তাদের আদর্শ-কর্মকাণ্ডকে সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিরোধ করতে হবে।”

“রেদওয়ান রানার অবস্থান শনাক্ত করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি জানাচ্ছি।”

রাজীব হত্যাকাণ্ডের দুই বছরপর মুক্তমনা ব্লগের মডারেটর অভিজিৎ রায় হত্যাকাণ্ডেও রানার সম্পৃক্ততা ছিল বলে গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে, তবে তাকে গ্রেপ্তার করা যায়নি এখনও। 

রাজীবের ঘনিষ্ঠ বন্ধু ব্লগার মসিউর রহমান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার খুব সহজ কথা- যেসব চরম প্রতিকূলতা দেখে আসছি এই বিচারের প্রথম থেকে, তাতে করে যে রায় আসছে তা মোটামুটি গ্রহণযোগ্য।”

তবে আদালত যেহেতু যুক্তি-তর্ক আর প্রমাণের উপর ভিত্তি করে রায় দেয়, সে জায়গায় ঘাটতি ছিল বলে তার অভিমত।

Image
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী

“রাহমানীকে পরে ঢুকানো হয়েছে মামলাতে। প্রথম থেকে থাকলে চার্জশিট সেভাবে রাখতে পারত প্রসিকিউশন, যাতে করে এভাবে স্বল্প শাস্তিতে সে পার পেয়ে গেছে। মামলার যুক্তি-তর্কেও হয়ত রানার ভূমিকা প্রাধান্য পেয়েছিল রাহমানী থেকে। তাই মুখ্য সিদ্ধান্তদাতা হিসাবে রাহমানীর বদলে শাস্তি পেয়েছে পলাতক রানা। এটা পুলিশ এবং প্রসিকিউশনের ত্রুটি।”

রাজীবের বাবা মামলার বাদী ডা. নাজিম উদ্দিনও রায়ে হতাশা প্রকাশ করেছেন। রায়ে বিচারকের মন্তব্যেও তদন্তে ত্রুটির বিষয়টি উঠে এসেছে।

হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর গত বছরের ২৮ জানুয়ারি আনসারুল্লাহ প্রধান রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

অভিযোগপত্রে বলা হয়, রাহমানী ঢাকার মোহাম্মদপুরে দুটি মসজিদে জুমার খুতবায় ধর্মের বিরুদ্ধে লেখে এমন ব্লগারদের হত্যার ফতোয়া দিতেন। রাজীব হত্যার আসামি এই ছাত্ররা ওই খুতবা শুনতেন।

রাহমানীর লেখা বই পড়ে এবং সরাসরি তার বয়ান ও খুতবা শুনে আসামিরা ‘নাস্তিক ব্লগারদের’ খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

রায়ের পর ডিবির মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “পুলিশ সফলভাবে তদন্ত সম্পন্ন করে আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। আসামি প্রত্যেকে সাজা পেয়েছে, এটাই আমাদের তদন্তের সফলতা।”

ব্লগার-লেখক খুনের অন্য মামলাগুলোর তদন্তেও এই রায় পুলিশকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন মনিরুল।

রাহমানীর কম সাজায় অসন্তুষ্ট হলেও মামলাটি গতিশীল রাখায় আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে ব্লগার বিপ্লব বলেন, “নয়ত আমরা ২০২০ সালেও রায় পেতাম কি না, সন্দেহ ছিল।”