২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমৃত্যু আন্দোলনের শপথ রাজীবকে ছুঁয়ে

ব্লগার আহমেদ রাজীব হায়দারের লাশ ছুঁয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন আমৃত্যু চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তার সহযোদ্ধারা।

রিয়াজুল বাশার

ও সুজন মণ্ডল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:23 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শুক্রবার রাতে কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিলেও আন্দোলনের কর্মী রাজীব হত্যাকাণ্ডের পর আগের মতোই প্রজন্ম চত্বরে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

শনিবার বিকালে লাখো জনতার উপস্থিতে শাহবাগে জানাজার পর রাজীবের লাশ ছুঁয়ে পড়া ইমরান এইচ সরকারের সঙ্গে আন্দোলনের শপথ নেন সবাই।

স্থপতি রাজীবকে শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

সহযোদ্ধা ও স্বজনদের দাবি, জামায়াত-শিবিরই গণজাগরণের এই কর্মীকে হত্যা করেছে।

হত্যার ঘটনায় মামলা করেছেন রাজীবের বাবা ডা. নাজিমউদ্দিন। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিকালে রাজীবের মিরপুরের বাসায় যান। রাজীবকে শাহবাগ আন্দোলনের প্রথম ‘শহীদ’ আখ্যায়িত করেন তিনি।

ব্লগে জামায়াত-শিবিরের মুখোশ উন্মোচন করে লেখালেখিতে সক্রিয় রাজীবকে কোপানোর পর গলা কেটে হত্যা করা হয়।

রাতে পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কফিন মোড়ানো রাজীব পৌঁছান শাহবাগে প্রজন্ম চত্বরে।

নতুন প্রজন্মের এই মুক্তিযোদ্ধার মরদেহ আবৃত ছিল জাতীয় পতাকায়। 

পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে যখন মরদেহ শাহবাগে পৌঁছে, তখন লাখো মানুষের গগনবিদারী স্লোগান ছিল- ‘‘শহীদ রাজীবের রক্ত/বৃথা যেতে দেব না,’ ‘শহীদ রাজীব শিখিয়েছে/লড়াই করে বাঁচতে হবে’, ‘এক রাজীব লোকান্তরে/লক্ষ রাজীব শাহবাগে’।

Image
ব্লগার আহমদে রাজীব হায়দার হত্যার প্রতিবাদে শনিবার কালো ব্যাজ পরের্ কমসূচিতে ছিলেন শাহবাগরে আন্দোলনকারীরা।

ব্লগার আহমদে রাজীব হায়দার হত্যার প্রতিবাদে শনিবার কালো ব্যাজ পরের্ কমসূচিতে ছিলেন শাহবাগরে আন্দোলনকারীরা।

সহযোদ্ধার প্রতি শ্রদ্ধায় কালো ব্যাজ পরে দাঁড়িয়ে যায় পুরো সমাবেশ। জনসমুদ্র তখন উত্তরে শেরাটন হোটেল থেকে দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ছাড়িয়েছিল। পূর্বে রমনার ফটক থেকে পশ্চিমে কাঁটাবন পর্যন্ত বিস্তৃত এই সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সৈয়দ এমদাদ উদ্দিন জানাজা পড়ানোর আগে পরিবারের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন রাজীবের মামা আলম।

তিনি বলেন, “এটা প্রজন্মের লাশ। এই লাশ আমাদের না। তাই এই লাশ জনতার কাছে দিয়ে গেলাম। আমরা একাত্তর চাই, বিপ্লব চাই।”

রাজীবের বাবা নাজিমুদ্দিন একজন মুক্তিযোদ্ধা। ছেলে হত্যার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি রাজাকারমুক্ত বাংলাদেশ দেখতে চান।

রাজীবের মামার বক্তব্যের সময় বজ্রকণ্ঠে হাত তুলে সমর্থন জানায় জনতা।

লালের মাঝে মুষ্টিবদ্ধ ছাপাঙ্কিত অসংখ্য পতাকা নিয়ে গণজাগরণ মঞ্চে সমবেত মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের এই ‘মুক্তিযোদ্ধা’কে ‘গার্ড অফ অনার’ দেয়।

জানাজার আগে হাত তুলে সবাই শপথ করে- “রাজীব হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব আমরা।”

এরপর কফিন ছুঁয়ে শপথ নেন সহযোদ্ধারা। এসময় জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি পুনরায় জানানো হয়। জামায়াত-শিবিরের অপতৎরতা ঠেকাতে পাড়ায়-পাড়ায় ব্রিগেড গড়ার আহ্বানও জানানো হয়।

জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে রাজীবকে শেষ বিদায় জানিয়ে আবার আন্দোলনে বসে সহযোদ্ধারা।

চট্টগ্রামসহ কয়েকটি জেলায় রাজীবের গায়েবানা জানাজাও হয়।

স্বজনরা জানিয়েছেন, রাজীবের কফিন প্রথমে মিরপুর নেয়া হবে, সেখানে জানাজার পর রোববার গাজীপুরের কাপাসিয়ায় নিয়ে তাকে দাফন করা হবে।

রাজীব খুনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে সোনার বাংলা ব্লগে একটি পোস্ট থেকে হুমকি দেয়ার কথা জানান ব্লগাররা।

এই ব্লগটি বন্ধের দাবি ছিল আন্দোলনকারীদের। গণজাগরণ মঞ্চ থেকে শনিবার ঘোষণা দেয়া হয়, ওই ব্লগটি বন্ধ করা হয়েছে। 

রাজীব খুনের পর শুক্রবার রাতে শাহবাগে ক্ষোভ-বিক্ষোভ নতুন মাত্রা পায়।

অন্য রাতগুলোতে যে সংখ্যক কর্মী শাহবাগে থাকত, এই রাতে সংখ্যায় তা ছিল বেশি।

সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজীবের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় প্রজন্ম চত্বরে।

এদিন সকালে বিভিন্ন স্থান থেকে মিছিলগুলোও আসতে থাকে আগেভাগে। এর মধ্যে ছিল উল্লেখযোগ্য সংখ্যক স্কুলশিক্ষার্থী।

রাজীবের জন্য শোক ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ়তাই ছিল সারাদিন স্লোগানে।

শাহবাগের আন্দোলন সংহতি জানানোর মিছিল দ্বাদশ দিনেও অব্যাহত ছিল। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে প্রজন্ম চত্বরে সংহতি জানাতে আসছেন অসংখ্য মুক্তিযোদ্ধা।

দুপুরে সংহতি জানিয়ে যান অভিনেতা এ টি এম শামসুজ্জামান।

বিকাল ৪টার কিছু পর তৈরি পোশাক শিল্প নেতারা তরুণ প্রজন্মের আন্দোলনে সংহতি জানান। রাজীব হত্যাকাণ্ডে শোকও প্রকাশ করেন তারা।

বিজিএমইএ নেতাদের নেতৃত্ব দেয়া সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, “আমরা গত ৪০ বছরে যা করতে পারিনি, তোমরা জয় বাংলা স্লোগানের মাধ্যমে তাই করেছ।”

তরুণদের এই আন্দোলনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

পুরনো খবর:

প্রতিরোধের ডাক দিয়ে সকাল শুরু শাহবাগে
শাহবাগে আন্দোলন ২৪ ঘণ্টাই