‘পাকিস্তানিদের বিচার মানে শুধু ১৯৫ জনের নয়’
পাকিস্তানের যেসব সামরিক-অসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তাদের সবার বিচারের দাবি জানিয়েছে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটি।
একাত্তরের যুদ্ধাপরাধে ১৯৫ পাকিস্তানি সেনা সদস্যের 'প্রতীকী বিচারে' 'আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার' নামে একটি সংগঠনের উদ্যোগের মধ্যে এই দাবি জানায় নির্মূল কমিটি।
শনিবার দুপুরের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ৭১ এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবিলম্বে দল ও বাহিনী হিসাবে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম, শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ বাহিনীসহ যেসব পাকিস্তানি সামরিক অসামরিক কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধের প্রমাণ রয়েছে। দ্রুত তাদের বিচার করতে হবে।
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ১৯৫ সেনা সদস্যকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান। এরপর ৪৪ বছর পার হলেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।
বাংলাদেশি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে চলার মধ্যে সম্প্রতি সেই ১৯৫ জনের বিচারের দাবি বিভিন্ন মহল থেকে উঠে। সেক্টর কমান্ডার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন এই দাবি তোলে।
সরকারের মন্ত্রীদের মধ্যেও কেউ কেউ ১৯৫ জনের বিচারের দাবিতে কথা বলেন।
এর মধ্যেই এই বিচার এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসাবে 'আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার' নামে একটি সংগঠন করে আগামী ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী বিচার করার ঘোষণা আসে।
শাহরিয়ার কবির বলেন, “পাকিস্তানিদের বিচার মানে কিন্তু ১৯৫ জনের বিচার নয়। আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই, সকল পাকিস্তানি যুদ্ধাপরাধীরও বিচার চাই।”
পৃথিবীর দেশে দেশে যুদ্ধাপরাধের বিপক্ষে কথা বলার পাশাপাশি বিচার না হওয়া সব অপরাধের বিচারের দাবিতে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণায় আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উদ্যোগ চেয়েছেন তিনি।
এক্ষেত্রে তার পরামর্শ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
১৯৯২ সালে ২৬ মার্চ 'গণআদালত' গঠন করে শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতগুরু গোলাম আযমের প্রতীকী বিচার করে ক্রাক প্লাটুনের সদস্য শহীদ মুক্তিযোদ্ধা শফী ইমাম রুমীর মা জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’।
জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা।
শহীদ জননীর সেই পথ ধরে যুদ্ধাপরাধীদের বিচারে জোরালো আন্দোলন শুরু হলে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়, শুরু হয় একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার। তবে ওই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কেবল বাংলাদেশের নাগরিকদের বিচার হচ্ছে।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে পাক বাহিনীর এদেশীয় সহযোগীদের বিচার ও কয়েকজনের দণ্ড কার্যকরের পর পাকিস্তান 'উদ্বেগ' প্রকাশ করলে ঢাকায় দেশটির হাই কমিশনারকে ডেকে 'কড়া প্রতিবাদ' জানায় বাংলাদেশ সরকার।
এর এক সপ্তাহের মধ্যে ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান।
এ ধরনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি নতুন করে ১৯৫ জন পাক সেনার বিচারের দাবি জানায় আসছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
তবে মুক্তিযুদ্ধের সময় প্রায় ৯৫ হাজার পাকিস্তানি সেনা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে হত্যা-গণহত্যার মাধ্যমে বাঙালির স্বাধিকার আন্দোলনকে দমনের চেষ্টা করে।
পাশে বসা একাত্তরের বীরঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখিয়ে শাহরিয়ার কবির বলেন, “উনিওতো নিপীড়িত হয়েছিলেন। তার উপর নির্যাতনকারীরা ১৯৫ জনের মধ্যে নেই।”
দল হিসাবে জামায়াতের বিচারের দাবিও করেন তিনি।
তার বক্তব্যের সূত্র ধরে নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলের কী শাস্তি হবে, সেটা বলা নাই। সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করতে হবে।”
