২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে কেন ছাড়, প্রশ্ন ফেরদৌসী প্রিয়ভাষিণীর

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন তাকে ছাড় দেওয়া হচ্ছে- সে প্রশ্ন তুলেছেন মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বুদ্ধিজীবীরা ‘নির্বোধের’ মতো মরেছে বলে খালেদার দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে মন্তব্য করেছেন তারও তীব্র সমালোচনা করেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদার ওই সংশয় প্রকাশের তীব্র সমালোচনা করেছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব হারুন হাবীবও।

খালেদার বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘জরিপ’ করে শহীদের ‘সঠিক সংখ্যা’ নিরূপণ করার যে কথা গয়েশ্বর বলেছেন তাকে তিনি দেখছেন ‘পরিকল্পিত আগ্রাসন’ হিসেবে। 

গত ২১ ডিসেম্বর এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”

এর আগে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর বিভিন্ন লেখায় মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যান, যিনি ব্লগ লিখে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচার চালান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবমাননার দায়ে শাস্তি পেয়েছিলেন তিনি।

বাংলাদেশে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারী ধর্ষিত হওয়ার তথ্যের ‘কোনো ভিত্তি নেই’ বলে বার্গম্যান তার লেখায় দাবি করেছিলেন।

খালেদা জিয়া এখন সরাসরি পাকিস্তানের ভাষায় কথা বলছেন- মন্তব্য করে ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, “সবার বিরুদ্ধে যদি আইনের আশ্রয় নেওয়া হয়, তাহলে উনার বিরুদ্ধে কেন নয়? আইন তো সবার জন্যই সমান।”

Image
ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)

তিনি বলেন, খালেদা জিয়া অন্য কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলেননি। শহীদের সংখ্যা নিয়ে তুলেছেন। পাকিস্তানিরাও ঠিক একই কথা বলছে। তিনি তাদের প্রতিনিধিত্ব করছেন।”

এসময় একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও খালেদা জিয়ার বিচার দাবি করেন ফেরদৌসী প্রিয়ভাষীণী।

তিনি বলেন, সাকা-মুজাহিদের ফাঁসির পর উনি মুক্তিযুদ্ধের চেতনায় একটি কথাও বলেন নাই। সত্যিকার অর্থেই তাকে বিচারের আওতায় আনা হোক। তাকেও যুদ্ধাপরাধী গণ্য করা হোক।

“একটা হত্যা হলে হত্যাকারীকে যেমন গ্রেপ্তার করা হয়, তেমনি প্ররোচককেও ধরা হয়। তেমনি তাকেও প্ররোচনাকারী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী …… হিসেবে ধরা হোক।”

খালেদা জিয়ার পাশাপাশি তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেরও সমালোচনা করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।

“যতদিন ক্ষমতায় ছিলেন, তিনি এবং তার স্বামী, তত দিন দেশের ক্ষতি করেছেন।”

একাত্তরে পাকিস্তানি নির্যাতন শিবিরে নিপীড়নের শিকার এই নারী বলেন, “তার (খালেদার) প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ নাই। জাতীয় স্বার্থেই আমি ক্ষুব্ধ।”

বুদ্ধিজীবীরা ‘নির্বোধের’ মতো মরেছে বলে গয়েশ্বর যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেন তিনি বলেন, গয়েশ্বর তো নিজ ধর্মকে অতিক্রম করে যুদ্ধাপরাধীদের খাতায় নাম লিখিয়েছেন।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে গয়েশ্বর বলেন, “তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কী করে, একটু বলেন তো।”

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদার বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘জরিপ’ করে ‘সঠিক সংখ্যা’ নিরূপণ করতেও বলেন গয়েশ্বর।

‘পরিকল্পিত আগ্রাসন’

খালেদা ও গয়েশ্বরের বক্তব্য পরিকল্পিত এবং গণহত্যা হয়নি বলে পাকিস্তানের বক্তব্যের ধারাবাহিকতা বলে মনে করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব হারুন হাবীব।

যুদ্ধের ৪৪ বছর পর হঠাৎ শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের তোলা বিতর্ককে ‘পরিকল্পিত ব্যাপার’ মন্তব্য করে তিনি বলেন, “এরপর তাদের দলেরই একজন গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের যেভাবে নির্বোধ বললেন, সংখ্যা গণনার দাবি তুললেন, পুরো বিষয়টাকে আমার কাছে একটা পরিকল্পিত বলে মনে হয়।”

“বিশেষ করে তাদের দুজনের বক্তব্য এমন এক সময়ে এল, যখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে; তাদের সেনাবাহিনীর হাতে বাংলাদেশে গণহত্যা ও নির্বিচারে নারী নির্যাতনকে অস্বীকার করছে। এটাকে আমি কাকতালীয় মনে করি না।”

মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে ‘এই পরিকল্পিত আগ্রাসনের’ বিরুদ্ধে সচেতন দেশপ্রেমিক মানুষের সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করে হারুন হাবিব বলেন, “মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক আর কখনো ছিল না। কথার কথা বলি, ত্রিশ লাখ না হয়ে তিন লাখ হলেও পাকিস্তান গণহত্যার দায় এড়াতে পারে না।

“এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক প্রচারণা। বাংলাদেশে ‍মুক্তিযুদ্ধের যে বিরুদ্ধ শক্তি পুনর্জাগরিত, এটা তাদেরকে সাহায্য করার একটা অপকৌশল।”