বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আর নেই
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে বাংলাদেশ সরকারের এই সাবেক সচিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে নাহিদ আহমেদ জানিয়েছেন।
গিয়াসউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৬৭ বছর। প্রায় এক সপ্তাহ ধরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন বলে তার শ্যালক নিজামউদ্দিন মাহমুদ জানান।
নিউমোনিয়ায় আক্রান্ত গিয়াসউদ্দিন আহমেদ সেখানেই রাত ৯টায় মারা যান বলে তার মেয়ে নাহিদ জানান।
তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে নাইমউদ্দিন আহমেদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর পদে এবং ছোট ছেলে ইশতিয়াকউদ্দিন আহমেদ নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন।
বড় মেয়ে নিগার আহমেদ অস্ট্রেলিয়া প্রবাসী এবং ছোট মেয়ে নাহিদ আহমেদ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের উপ-মহাব্যবস্থাপক। নাহিদ বর্তমানে ওয়াশিংটনে ভাইয়ের কাছে আছেন।
নিজামউদ্দিন জানান, মঙ্গলবার তেজগাঁওয়ের এলেনবাড়ী সরকারি কোয়ার্টার মসজিদ সংলগ্ন মাঠে গিয়াসউদ্দিন আহমেদের জানাজা হবে। পরদিন গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে তাকে দাফন করা হবে।
