সফর শেষে ফিরে গেলেন ব্রিটিশ মন্ত্রী
বাংলাদেশে তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস সন্দ্বীপ ভার্মা।
শুক্রবার ঢাকায় যুক্তরাজ্য হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের অর্থ সহায়তা বাংলাদেশের মানুষের জীবনমান পরিবর্তনে কীভাবে প্রভাব ফেলছে তা নিয়ে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন এই মন্ত্রী।
সফরে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) রানা প্লাজায় পঙ্গু শ্রমিকদের খোঁজ নিয়েছেন। পাশাপাশি অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং মিরপুরে ইউসিইপি'তে শিক্ষা বিষয়ক প্রকল্প পরিদর্শন করেন।
ভারতীয় বংশোদ্ভূত ভার্মা যুক্তরাজ্যের কনজারভেটিভ দল থেকে হাউজ অব লর্ডসের সদস্য। তিনি চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের দায়িত্ব নেন।
আগামী জানুয়ারি থেকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শুরুর আগে যুক্তরাজ্যের এই মন্ত্রী বাংলাদেশ সফর করলেন।
বিবৃতিতে ভেরমাকে উদ্ধৃত করা বলা হয়, "নিজেদের উন্নয়নে নেতৃত্ব দিয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে এবং কেউ যেন পিছিয়ে না থাকে নতুন বৈশ্বিক লক্ষ্যগুলো বাংলাদেশের সামনে সেই গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে।"
