২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগ নেতাকে চড় 'সাধারণ সম্পাদকের'

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সংগঠনের জিয়া হল শাখার এক নেতাকে চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সোমবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম বর্ষের শিক্ষার্থী তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের বাকবিতণ্ডা থামাতে গেলে প্রিন্স তাকে চড় মারেন বলে অভিযোগ করেন জিয়া হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জায়েদুল জলিল।

হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদ্দাম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিনের অনুসারীদের মধ্যে হলের গেইটে ওই বাকবিতণ্ডা হয়।

ঘটনার এক পর্যায়ে হলের ১১০, ২০৪ নম্বর কক্ষ ভাংচুরের ঘটনা ঘটে। বনি আমিন মোল্লার কর্মীরা এই ভাংচুরে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদশীরা জানায়, সকালে জিয়া হলের গেইটে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রদের হলে তোলাকে নিয়ে সাদ্দাম পক্ষের কর্মী ইমন ও বনি আমিনের পক্ষের কর্মী সৈনিকের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে দুইপক্ষের প্রথম বর্ষের কর্মীদের উদ্ধত হওয়া দেখে তাদের শান্ত করার চেষ্টা করছিলেন হলের সহ-সভাপতি জায়েদুল জলিল। এ সময় জলিল ওপর চড়াও হয় বনি আমিনের কর্মীরা ।

তখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রিন্স পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি হলের কর্মীদের না থামিয়ে এক পর্যায়ে জলিলের গালে চড় মারেন।

এ ঘটনার পর দুইপক্ষের কর্মীরা দেশীয় অন্ত্র, রট লাঠিসোট দিয়ে আবারও মারমুখী অবস্থান নেয়। তখন বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আবিদ আল হাসান গিয়ে পরিস্থিতি শান্ত করা চেষ্টা করেন।

পরে বেলা ১টার দিকে সৈনিকের মাথায় ব্যান্ডেস লাগিয়ে বনি আমিনের দুইজন কর্মী তাকে হলের সামনে আবিদ আল হাসানের কাছে হাজির করে। এ সময় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাথার ব্যান্ডেস খুলতে বললে সৈনিককে দৌড় দিয়ে হলের ভেতর প্রবেশ করতে দেখা যায়।

হল শাখার সহ-সভাপতি জায়েদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে হল গেইটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে তোলা নিয়ে দুই গ্রুপের জুনিয়ররা তকাতর্কি করছিল, আমি পাশের এক জায়গায় বসে নাস্তা করছিলাম।

“তাদের থামানোর চেষ্টা করছিলাম। এক কর্মীর নাম জিজ্ঞাসা করার সময় উনি (মোতাহার হোসেন প্রিন্স) আমাকে থাপ্পড় মারেন।”

তবে জলিলকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, "ওই সময় ঘটনার ব্যাপারে জানতে চেয়েছিলাম। এসময় জলিলই প্রথমে আমার হাত ধরে।"

কক্ষ ভাংচুরের বিষয়টি প্রভোস্টকে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান প্রিন্স।

কক্ষ ভাংচুরের ঘটনায় হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর একটি তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান।

তিনি বলেন, "কী হয়েছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছি। তবে যতটুকু জানি, হলের দুই গ্রুপের অন্তর্কোন্দলের কারণেই ঘটনাটি ঘটেছে।"

এদিকে এ ঘটনায় সাংগঠিকভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান।