২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিংগাইর পৌরসভায় ভোটে বাধা নেই

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:48 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ওই আদেশে স্থগিতাদেশ দেন।

এর ফলে আগামী ৩০ ডিসেম্বর ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়।

নির্বাচনী এলাকার ভোটার মোস্তাক আহমেদ ভূইয়া ২১ জুন ওই রিট আবেদন করেছিলেন, যাতে প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জুন আদালত রুল দেয়।

পরে এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে ২ ডিসেম্বর হাই কোর্ট বেঞ্চ নির্বাচনের ওপর ওই স্থগিতাদেশ দেয়।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌর সভায় ভোট হওয়ার কথা থাকলেও সিংগাইরের আগে আদালতের আদেশে মংলা পৌরসভার ভোট স্থগিত হয়। সিংগাইরের নির্বাচনের বাধা কাটায় এখন ২৩৫টি পৌরসভায় নির্বাচন হবে।

ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে।