২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাপাচারে যৌথ তদন্তের সুযোগ রেখে বিল সংসদে

মুদ্রা পাচারের অপরাধ তদন্তে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে অন্য তদন্ত সংস্থার অংশ নেওয়ার বিধান রেখে আইনের সংশোধিত বিল সংসদে তোলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল’ উত্থাপন করেন।

দুই কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার।

অর্থমন্ত্রী জানান, ২০১২ সালে প্রণীত আইনের কার্যকারিতা বাড়াতে, বিশেষত তদন্ত সংক্রান্ত বিধানগুলো আরও কার্যকর করতে করতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দুদকের পাশাপাশি পুলিশের সিআইডি, বাংলাদেশ কাস্টমস ও কর বিভাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মানিলন্ডারিং অপরাধ তদন্তের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে সংশোধন করা না হলে বাংলাদেশের মানিলন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সংসদে অধিবেশন না থাকায় গত ১১ অক্টোবর জাতীয় স্বার্থে অর্ডিন্যান্স আকারে জারি করা হয়।

মন্ত্রী জানান, ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অর্ডিন্যান্স, ২০১৫’ আইন আকারে প্রণয়ন করা যেতে পারে।

জেলা পরিষদ বিল প্রত্যাহার

গত ১১ অক্টোবর সংসদে উত্থাপিত জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৫ সংসদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয়সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি প্রত্যাহারের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

আরো পাঁচটি বিল সংসদে উত্থাপন

রোববার সংসদে দ্য সারপ্লাস পাবলিক সার্ভেন্টস এবজরপশন অর্ডিন্যান্স, ১৯৮৫ রহিত করে পুনঃপ্রণয়নে ‘উদ্বৃত্ত সরকারি কর্মচারি আত্তীকরণ আইন, ২০১৫’; ক্যাডেট কলেজ অর্ডিন্যান্স, ১৯৬৪ সংশোধন করে ক্যাডেট কলেজ (সংশোধন) আইন, ২০১৫; আর্মি অ্যাক্ট, ১৯৫২ সংশোধন করে আর্মি (সংশোধন) অ্যাক্ট, ২০১৫ এবং এয়ার ফোর্স অ্যাক্ট, ১৯৫৩ সংশোধন করে এয়ারফোর্স (সংশোধন) অ্যাক্ট, ২০১৫ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

‘উদ্বৃত্ত সরকারি কর্মচারি আত্তীকরণ বিল এক মাসের মধ্যে, ক্যাডেট কলেজ (সংশোধন) বিল চার সপ্তাহের মধ্যে, আর্মি (সংশোধন) বিল চার সপ্তাহের মধ্যে এবং এয়ারফোর্স (সংশোধন) বিল দুই মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার।

এছাড়া রেলওয়ে সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষায় বিদ্যমান আইন সংশোধন করে ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন, ২০১৫’ বিল সংসদে উত্থাপন করেন রেলমন্ত্রী মুজিবুল হক ।

বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়া জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

পুরনো খবর:

মুদ্রাপাচার আইনে আসছে যৌথ তদন্তের সুযোগ
বিদেশিকে বিয়ে করলে চাকরি যাবে, সংসদে বিল