জগন্নাথের সেই জমিতে আবারও কাপড়ের দোকান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন একখণ্ড জমিতে ফের কাপড়ের ব্যবসা বসানো হয়েছে, সমবায় ব্যাংকের মালিকাধীন যে জমি গত বছর দখল করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘোষণা করেছিল ছাত্ররা।
অভিযোগ ওঠেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ এবং বিশ্ববিদ্যালয় এলাকার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য দোকানিদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। অবশ্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে দুই পক্ষই।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে গত বছর অক্টোবরের দিকেও টাকার বিনিময়ে পুরাতন কাপড়ের ব্যবসায়ীদের কাছে তাদের ‘টিএসসি এলাকা’ ভাড়া দিয়েছিল ছাত্রলীগ।
সেবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাজার উঠিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়ীরা। এখন আবারও সেখানে বাজার বসেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উল্টোপাশে ওই স্থানে একটি চায়ের দোকানের পাশাপাশি পুরাতন কাপড়ের অন্তত ২০টি দোকান বসেছে। বাঁশের বেড়ার উপরে ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে এসব দোকান।
২০১৪ সালের ফেব্রুয়ারি-মার্চের দিকে বিশ্ববিদ্যালয়ের বেদখল অবকাঠামো উদ্ধারের দাবিতে আন্দোলনের সময় সমবায় ব্যাংকের মালিকানাধীন খালি এই জমি দখল করে নেয় সাধারণ শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘোষণা দিয়ে ‘শেখ রাসেল মিলনায়তন কেন্দ্র’ নামে একটি ব্যানার টানিয়ে দেয় তারা।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই জায়গা অধিগ্রহণের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে। এর ধারাবাহিকতায় জমিটি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ইজারা দেওয়ার অনুরোধ জানিয়ে চলতি বছর ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের একটি জমির সঙ্গে ওই জমি বদল করার প্রস্তাব নিয়ে অনেকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত এতে রাজি হয়নি সমবায় ব্যাংক কর্তৃপক্ষ।
রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি জমির সঙ্গে ওই জমি ওদল-বদল হওয়ার কথা হয়েছিল। তবে আমাদের জমির লিজের মেয়াদ এক বছর আর সমবায় ব্যাংকেরটি স্থায়ী হওয়ায় তারা রাজি হয়নি। তার পর আর কোনো অগ্রগতি নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের না বলেই কিছু লোক ব্যবসা বসিয়েছে। শিগগিরই ওই জায়গায় বহুতল ভবন তৈরি করা হবে। আমরা ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি। আশা করি ১০/১৫ দিনের মধ্যে টেন্ডার করে কাজ শুরু হয়ে যাবে।”
ওই স্থানে ‘ভাড়া দিয়ে’ দোকান করেছেন বললেও কাকে ভাড়া দেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি আবুল হোসেন নামের এক দোকানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কারও সাথে কিছু বলার ব্যাপারে নিষেধ আছে। কিছু জানলেও বলতে পারব না।”
ওই স্থানে অনুমোদন ছাড়া দোকান বসানোর বিষয়ে সূত্রাপুর থানার পুলিশও কিছু বলতে চায়নি।
ওসি খলিলুর রহমান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জায়গা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সমবায় ব্যাংকের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না আমার জানা নেই। তাই আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না।”
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক দোকানি বলেন, “দোকানের পজিশন ভাড়া নিয়ে ব্যবসা করছি। এখানের কাউকে চিনি না। এগুলো ইউনুস ভাই জানে।”
খোঁজ নিয়ে জানা যায়, দোকানিদের কাছ থেকে ভাড়া তোলার কাজে ‘সমন্বয়কারী’ হিসেবে আছেন এই ইউনুস; পুরো নাম ইউনুস আলী। এরপর ওই টাকা যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি প্রভাবশালী অংশের নেতাদের কাছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা এখানে এই ব্যবসা বসিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না।”
আর ইউনুস বলছেন, “ক্যাম্পাস এলাকার কনস্টেবল কবির হোসেনের সঙ্গে কথা হয়েছে। কোনো সমস্যা নাই, সব তিনি দেখবেন।”
কনস্টেবল কবির এসব বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এসব কিছুই জানি না।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও এ বিষয়ে কিছু ‘জানেন না’ বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আন্দোলনের মাধ্যমে আমরা এই জমিটি পেয়েছি। এখানে কে বা কারা ব্যবসা করছে আমি জানি না। কিভাবে বসিয়েছে তাও জানি না।”
