সমবায় ব্যাংকের জমি ‘দখল’, জবির ‘টিএসসি’ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল অবকাঠামো উদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সমবায় ব্যাংকের একখণ্ড খালি জমি দখল করে বিশ্ববিদ্যালয়ের ‘অস্থায়ী টিএসসি’ ঘোষণা করেছে।
জবির হল উদ্ধারে সাংসদের নেতৃত্বে কমিটি
হলে জবি ছাত্রদের ব্যানার পুড়িয়ে দিল ‘এলাকাবাসী’
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ঘেরাও করে
‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে তারা।
শাঁখারীবাজার থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত এলাকায় কয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিলের ফলে রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে আশেপাশে কোনো পুলিশ না থাকায় বড় কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের বাইরে থেকে তালা দিয়ে সামনে বিক্ষোভ শুরু করে। ফলে ব্যাংককর্মীদের বের হওয়া এবং বাইরে থেকে কারো ঢোকার পথ বন্ধ হয়ে যায়।
এরপর শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের ওই কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।
হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই শাখা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষফোঁড়ার মতো কাজ করছে। আজ থেকে এটি বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবন নামেই পরিচিত হবে।”
বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক একই সময়ে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক অবরোধ কর্মসূচিতে যোগ দেন।
এই কর্মসূচি চলার মধ্যেই শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো দিকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাইনবোর্ড দেয়া দেয়ালঘেরা একটি খালি জমি দখল করে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ‘প্লট’ এর ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং ফটকটি ভেঙে ফেলে। এরপর ভেতরে খোলা জায়গায় ফেলে রাখা কিছু কাঠের আসবাব ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।
আন্দোলনকারীরা এরপর ওই জমিতে থাকা ‘বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের নিজস্ব সম্পত্তি’ লেখা সাইবোর্ড খুলে নিজেদের ক্যাম্পাসে নিয়ে যায় এবং জমি ঘিরে থাকা দেয়াল ভেঙে ফেলে।
সদরঘাট ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও এ সময় আশেপাশে কোনো পুলিশ দেখা যায়নি।
হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ জায়গাটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিএসসি।”
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ওই জমি এবং আশেপাশের কিছু সম্পত্তিতে এক সময় বিশ্ববিদ্যালয়ের নাজিমউদ্দিন হল ছিল।
গণমাধ্যমের খবর এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়টি ছাত্রহল ও কর্মচারী আবাস দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। যার অধিকাংশই দখল করে আছেন সংসদ সদস্য, পুলিশ, স্থানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতারা।
এসব অবকাঠামো অবৈধ দখলমুক্ত করার পথ খুঁজতে সোমবার এক সাংসদের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বেদখল হলগুলো উদ্ধারে করণীয় সম্পর্কে ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে।
