২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটেরবাগে হত্যা: হাসপাতাল ছেড়েছে মা-মেয়ে

রাজধানীর কদমতলীর পাটেরবাগে দুর্বৃত্তের হামলায় আহত সাহিদা মৃধা ডলি (৩৫) ও তার সাত বছর বয়সী মেয়ে সারাহ হাসপাতাল ছেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

ঢাকায় বাসায় ঢুকে হত্যা: ডাকাতি না অন্যকিছু?
‘কে পরবে আমার মায়ের দুল’
ঢাকায় বাসায় ঢুকে শিশুকে হত্যা, এলোপাতাড়ি কোপে আহত মা-বোন

দশদিনের চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপরে তারা হাসপাতাল ছেড়ে এক আত্মীয়র বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ডলির স্বামী আব্দুল হান্নান মিয়া সেলিম।

গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ঘাতকদের এলোপাতাড়ি কোপে নিহত হয় শিশু সোহেলি আক্তার (১২)।

সোহেলি দনিয়ার এ কে স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

আর গুরুতর জখম হয় সোহেলির মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদ (৩৫)। সোহেলিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর গ্রামে।

আহত মা-মেয়েকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও পরে ডলিকে গ্রিন লাইফ হাসপাতাল এবং সারাহকে আই হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডলির মাথায় ৩৫টি সেলাই করতে হয়েছে জানিয়ে সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওর ডান হাতের বুড়ো আঙ্গুল ও বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলেও সেলাই করা হয়েছে। সারাহর বাম চোখের ওপরে কোপ লেগেছিল। সেলাই এখনও কাটা হয়নি।”

হাসপাতাল ছাড়লেও স্বাভাবিকভাবে কথা বলতে ডলির সমস্যা হচ্ছে বলে জানান গতমাসে ইতালি থেকে দেশে আসা সেলিম।

Image
সোহেলির বাবা সেলিম

সোহেলির বাবা সেলিম

সেদিনের ঘটনাটি কীভাবে ঘটেছিল জানতে চাইলে সেলিম বলেন, সেদিন রাতে রাব্বি নামে এক যুবক আরও দুই জনকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে হামলা চালায়; বছরখানেক আগে রাব্বি তাদের পাশের ভবনে ভাড়া থাকত।

“রাব্বি আমার কথা জিজ্ঞেস করলে ডলি জানায় ও (সেলিম) খালার বাসায় গেছে। এরপর রাব্বি বলে, একটা কাজ করতে সাড়ে তিন লাখ টাকা লাগবে, আমার কাছে তিন লাখ টাকা আছে। বাকি পঞ্চাশ হাজার টাকা আঙ্কেলের (সেলিম) কাছ থেকে নেব।”

এক পর্যায়ে ডলির কাছে এক হাজার টাকা চেয়ে না পেয়ে রাব্বি হামলা চালায় বলে জানান সেলিম।

“এরপর একে একে সবাইকে কোপায় ওরা। তবে রাব্বির সঙ্গে থাকা বাকি দুই জনকে চিনতে পারেনি ডলি।”

স্বজনদের ধারণা, ইতালি আসা সেলিমের টাকা-পয়সা লুট করতেই এই হামলা চালানো হয়।

এ ঘটনায় রাব্বিসহ তিন জনকে আসামি করে কদমতলী থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।