‘কে পরবে আমার মায়ের দুল’
ইতালি থেকে কানের দুল নিয়ে আসার বায়না ধরেছিল সোহেলি। নিয়েও এসেছিলেন ইতালি প্রবাসী বাবা। একবার পরেই তা খুলে রেখে বলেছিল- কোনো অনুষ্ঠানে পরবে সে।
বুধবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নিহত সোহেলির সেই স্মৃতি হাতড়িয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন কিছুদিন আগে দেশে আসা আব্দুল হান্নান মিয়া সেলিম।
বলছিলেন, “মার জন্য দুটি কানের দুল এনেছি। কিন্তু মা আমার ফাঁকি দিয়ে চলে গেল। কে পরবে আমার মায়ের দুল দুটি?”
মঙ্গলবার রাত ৮টার দিকে পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ঘাতকদের এলোপাতাড়ি কোপে নিহত হয় শিশু সোহেলি আক্তার (১২)। সোহেলি দনিয়ার এ কে স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
আর গুরুতর জখম হয় সোহেলির মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদ (৩৫)। সোহেলিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর গ্রামে।
মোবাইল ফোনে রাখা সোহেলির ছবির দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে সেলিম বলেন, “ইতালিতে থাকার সময় সোহেলি আমাকে বলেছিল কান ফোঁড়ানো হয়েছে। এক জোড়া কানের দুল আনতে।
“মার কথামত একজোড়া কানের দুল এনেছি। কিন্তু একবার পরে খুলে রেখেছে।”
এ সময় পাশে দাঁড়ানো সেলিমের স্ত্রীর বড় ভাই শহিদুল্লাহ বারবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
নিহত সোহেলি ও তার মা সাহিদা মৃধা ডলি
সেলিম জানান, গতকাল দুপুরে সোহেলি কোচিং করতে রেব হয়ে সন্ধ্যায় বাসায় আসে।
ঘটনার সময় ডেমরায় এক খালার বাসায় ছিলেন জানিয়ে তিনি বলেন, “স্ত্রী ডলিই ফোনে জানায়, দুর্বৃত্তরা সোহেলিকে মেরে ফেলেছে এবং তাদের কুপিয়েছে।”
কদমতলী থানার এসআই হিলাল উদ্দিন আহমেদ বলেন, সোহেলির মাথায় চার ইঞ্চি লম্বা ও এক ইঞ্চি গভীর কোপের জখম রয়েছে। ডান হাতের কনিষ্ট ও অনামিকা আঙ্গুল ভারি ধারালে অন্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুল কোপের কারণে ঝুলে যায়, তর্জনী বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং হাতের কব্জিতে কোপের জখম রয়েছে।
বিকেলে সোহেলিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান বাবা সেলিম।
