২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসায় ঢুকে হত্যা: ডাকাতি না অন্যকিছু?

রাজধানীর কদমতলীর পাটেরবাগে বাসায় ঢুকে শিশুকে হত্যা এবং তার মা-বোনসহ তিন জনকে কুপিয়ে আহত করার পেছনে ডাকাতির সন্দেহ এলেও পুলিশ বলছে, কারণ ‘অন্যকিছু’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 05:06 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

‘কে পরবে আমার মায়ের দুল’
ঢাকায় বাসায় ঢুকে শিশুকে হত্যা, এলোপাতাড়ি কোপে আহত মা-বোন

তবে এই ‘অন্যকিছু’ কী তা এখনই বলতে চাচ্ছে না পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের পরই মুখ খুলতে চাইছে তারা।

মঙ্গলবার রাত ৮টার দিকে পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ওই হামলার ঘটনা ঘটে। ঘাতকদের এলোপাতাড়ি কোপে নিহত হয় শিশু সোহেলি আক্তার (১২)।

আর গুরুতর জখম হয় সোহেলির মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদ (৩৫)।

সোহেলি দনিয়ার এ কে স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

বুধবার নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাতকরা সংখ্যায় ছিলেন দুই জন, ভবনে যাতায়াতও ছিল তাদের।

হামলার শিকার পরিবারের সঙ্গে তাদের ‘ঘনিষ্টতা’ ছিল বলেই পুলিশের ধারণা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে কথা হয় সোহেলির বাবা সেলিমের সঙ্গে।

হামলায় কারা জড়িত থাকতে পারে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কোন শত্রু নেই। সোহেলিও ছোট। তাই ডাকাতি ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না তারা।

বাসা থেকে মালামালা খোয়া না যাওয়ার পরও এমন ধারণা কেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, “দুই জন এসেছিল, মা ও ছোট দুই মেয়েকে ভয় দেখিয়ে মালামাল লুট করতে চেয়েছিল তারা। কিন্তু সোহেলি ও সারা চিৎকার করায় দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।”

ওই বাসায় ছয় বছর ধরে ভাড়া থাকছেন জানিয়ে তিনি বলেন, গত মাসের ১৮ তারিখে দেশে ফিরেছেন, ১৮ নভেম্বর ইতালি চলে যাওয়ার কথা ছিল।

ঘটনার সময ডেমরায় এক খালার বাসায় ছিলেন বলেও জানান সেলিম।

“স্ত্রী ডলিই ফোনে আমাকে জানায়, দুর্বৃত্তরা সোহেলিকে মেরে ফেলেছে এবং তাদের কুপিয়েছে।”

Image
সোহেলির বাবা সেলিম

সোহেলির বাবা সেলিম

সেলিমের স্ত্রীর বড় ভাই শহিদুল্লাহও মনে করছেন ঘটনাটি ডাকাতি ছিল; দুই যুবক ঘটনাটি ঘটিয়েছে বলে কথা বলে জেনেছেন। ওই দুই যুবক সম্পর্কে জানতে চাইলে সেলিম বলেন, “আমি জানি না। ওই যুবকরা এক বছর আগেও আমাদের পাশের ভবনে ভাড়া ছিল।

“স্ত্রী (ডলি) বলতো, ‘তোমার সঙ্গে দেখা করার জন্য পাশের ভবনে যে দুই ছেলে ভাড়া থাকত তারা এসেছিল; কিন্তু নাম বলেনি’।”

মালামাল লুটের জন্য ‍দুর্বৃত্তরা এসেছিল স্বজনরা এমন সন্দেহ করলেও পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নয়; তাদের উদ্দেশ্য ভিন্ন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতল ওই বাসায় ঢোকার সময় দারোয়ান মিয়া মাতাব্বর প্রথমে গেইট খুলে দেয়। গেইট খুলে দিয়ে তিনি এশার নামাজ পড়তে যান। পরে এসে দেখেন গেইটের তালা ভাঙা এবং দোতলায় এ ঘটনা ঘটেছে।”

দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সে জানিয়েছে ওই দুই যুবক গত কয়েকদিন ধরে প্রায়ই বাসায় আসত এবং এক দেড় ঘণ্টা ওই বাসায় কাটিয়ে চলে যেত। এ কারণে দারোয়ান নিচের লোহার গেইট খুলে দেয়।”

ওসি ওয়াজেদ জানান, ওই যুবকরা এক বছর আগে পাশের ভবনে ভাড়া থাকত। তবে কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তাদের নাম-পরিচয় জানা গেছে জানিয়ে তিনি বলেন, “তাদের গ্রেপ্তারে অভিযান চলছে; গ্রেপ্তারের পর পরিচয় জানাব।”

এদিকে ঢাকা মেডিকেল থেকে ডলিকে গ্রিন লাইফ হাসপাতালে আর ছোট শিশু সারাকে আই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।