২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসায় ঢুকে শিশুকে হত্যা, এলোপাতাড়ি কোপে আহত মা-বোন

রাজধানীর প্রান্তসীমা কদমতলীর পাটেরবাগে ঘরে ঢুকে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

হামলাকারীদের এলোপাতাড়ি কোপে শিশুটির মা, বোন ও এক প্রতিবেশীও জখম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়; বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাও জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টার দিকে পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এই হামলার ঘটনা ঘটে বলে কদমতলী থানার এসআই  মফিজুর রহমান জানিয়েছেন।

নিহত সোহেলী আক্তার (১২) দনিয়ার এ কে স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। আহতরা হলেন- সোহেলীর মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদ (৩৫)।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে এক শিশু নিহত হয়। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ডলি ও জালালের মাথায় ‍কোপের দাগ রয়েছে। সারার শরীরে রয়েছে কোপের জখম।

রাতে ডলি ও সারাকে পান্থপথের গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এসআই মফিজ।

ডলি পুলিশকে জানিয়েছেন, দুই যুবক তার বাসার কলিংবেল চাপলে ভেতর থেকে দরজা খুলে দেওয়ার  তারা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সবাইকে আঘাত করতে শুরু করে।

ওই বাড়ি লাগোয়া সরু গলি দিয়ে নিজের বাসায় ফেরার পথে জালাল আক্রান্ত হন বলে পুলিশের ধারণা।

নিহতের বাবা সেলিম ইতালি প্রবাসী। তিনি গত ১৮ অক্টোবর দেশে ফিরেছিলেন বলে ফারুক নামে এক প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ফারুক বলেন, “রাতে ওই সময় সেলিম বাসায় ছিলেন না। ওই সময়ই কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে পড়ে।”

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সেলিম। কিন্তু হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তিনি। বাসার কিছু খোয়া গেছে কি না, তাও বলতে পারেননি।